কুমিল্লার পুলিশ সুপার (এসপি) মো. আনিসুজ্জামান বলেছেন, ‘আপনার বহু আগে আমি ছাত্রদল করেছি’ এ বক্তব্যের একটি অংশ সামাজিক মাধ্যম ও কিছু গণমাধ্যমে খণ্ডিতভাবে প্রচার করা হয়েছে। পুরো বক্তব্য প্রকাশ করা হলে বিষয়টি নিয়ে বিভ্রান্তির সুযোগ থাকত না।
শুক্রবার (১৭ জুলাই) রাত সোয়া ৯টায় এসপি আনিসুজ্জামান জাগো নিউজকে এ কথা বলেন।
তিনি বলেন, বিগত ১৭-১৮ মাসে যেসব মামলা হয়েছে, সেগুলোর সুষ্ঠু তদন্ত করা হচ্ছে। তদন্তের ভিত্তিতে প্রকৃত আসামিদের গ্রেফতার করা হচ্ছে। অযথা কোনো নিরীহ মানুষ যেন হয়রানির শিকার না হন, সে বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।
আনিসুজ্জামান বলেন, কিছু মিডিয়া খণ্ডিত বক্তব্য প্রচার করেছে, যা উদ্দেশ্যপ্রণোদিত। পুলিশ জনগণের সেবক। তাই জনগণের কল্যাণে আমাদের সবাইকে কাজ করতে হবে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) জাতীয় জুলাই শহীদ দিবস উপলক্ষ্যে কুমিল্লা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় এ ঘটনার সূত্রপাত হয়।
আরও পড়ুন
বহু আগেই ছাত্রদল করেছি: কুমিল্লা পুলিশ সুপার
সভায় কুমিল্লা মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি ফখরুল ইসলাম মিঠু অভিযোগ করেন, এসপি কুমিল্লায় যোগ দেওয়ার পরও ‘ফ্যাসিস্ট’ হিসেবে অভিযুক্ত ব্যক্তিদের গ্রেফতার করা হচ্ছে না। তথ্য দেওয়ার পরও অনেক ক্ষেত্রে পুলিশ ব্যবস্থা নিচ্ছে না।
প্রতি উত্তরে পুলিশ সুপার বলেন, এটা পলিটিক্স মঞ্চ নয়, একটা বাহিনীর সম্পর্কে আপনি এভাবে কথা বলতে পারেন না। ছাত্রদল আমি নিজেও করেছি, আপনার বহু আগে আমি ছাত্রদল করে আসছি ঢাকায়। আপনি যখন একটা মিটিং এ কথা বলবেন, তখন তথ্য নিয়ে কথা বলবেন।
এ প্রসঙ্গে আবারও মাইক নিয়ে ছাত্রদল নেতা ফখরুল ইসলাম মিঠু বলেন, যখন আপনাদেরকে তথ্য দেয় তখন আপনারা গ্রেফতার করেন না।
জবাবে পুলিশ সুপার বলেন, যাকে আপনাদের পছন্দ হয় না, তাদেরকেই ফ্যাসিস্ট বানিয়ে দিচ্ছেন। ৫ আগস্টের পরে দেশে কোনো পুলিশ ছিল না। এই পুলিশ ঘুরে দাঁড়িয়েছে। এখনো ফ্যাসিস্টের লোকজন তো পুলিশে আছেই। গত ১৭ বছর বিভিন্ন ডিপার্টমেন্টগুলোকে শেষ করে দেওয়া হয়েছে। মাত্র চার মাস সরকারের বয়স। সরকারকে সময় দিতে হবে, একটা বাচ্চাও খাওয়া শিখতে ৯ থেকে ১০ মাস সময় লাগে।
পুলিশ সুপার আনিসুজ্জামান আরও বলেন, দেশে বিচার হচ্ছে। ইতোমধ্যেই হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালসহ পুলিশের হাবিবের ফাঁসির রায় হয়েছে। একটু অপেক্ষা করেন। আমি নিজেই অনেকের বিরুদ্ধে চার্জশিট দিয়ে এসেছি ঢাকায়।
জাহিদ পাটোয়ারী/এসজেডএইচ/এফএ








