মারা গেছেন আফগানিস্তানের সাবেক পেসার শাপুর জাদরান। বিরল হেমোফ্যাগোসাইটিক লিম্ফোহিস্টিওসাইটোসিস (এইচএলএইচ) রোগে ভোগা জাদরান দিল্লির একটি হাসপাতালে আজ মৃত্যুবরণ করেন।

৩৮ বছর বয়সী জাদরানের ছোট ভাই ঘামাই জাদরান তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেন। চলতি বছরের জানুয়ারি মাসে চিকিৎসার জন্য শাপুরকে দিল্লিতে নিয়ে যাওয়া হয়েছিল।

আফগান ক্রিকেটের উত্থানে বড় ভূমিকা আছে শাপুর জাদরানের। ২০০৯ সালে আফগানিস্তানের হয়ে তাঁর অভিষেক। সব মিলিয়ে আফগানিস্তানের হয়ে ৪৪টি ওয়ানডে এবং ৩৬টি টি-টুয়েন্টি ম্যাচ খেলেন। আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর উইকেট ৮০টি।

إِنَّا لِلّهِ وَإِنَّـا إِلَيْهِ رَاجِعُونَ

With profound grief and deep sorrow, the Afghanistan Cricket Board mourns the passing of former Afghanistan fast bowler Shapoor Zadran.

Shapoor Zadran was one of the foundation-laying figures of Afghanistan cricket, whose dedication,… pic.twitter.com/iPIAJ6HLkq

— Afghanistan Cricket Board (@ACBofficials) July 7, 2026

২০১৫ বিশ্বকাপে ক্যারিয়ারের সেরা সময় কাটিয়েছেন জাদরান। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মাটিতে সেই টুর্নামেন্টে নিয়েছিলেন ১০ উইকেট, যা আফগানিস্তানের বোলারদের মধ্যে সর্বোচ্চ। ২০১০ থেকে ২০১৬ সালের মধ্যে আফগানিস্তানের হয়ে চারটি টি-টুয়েন্টি বিশ্বকাপেও খেলেছেন। বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে ৫ ম্যাচ খেলেন জাদরান। খেলেছেন বিপিএলেও।

জাদরানের মৃত্যুতে এক বিবৃতিতে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে, ‘মাঠে সাফল্যের বাইরেও শাপুর জাদরান ছিলেন বহু তরুণ আফগান ক্রিকেটার এবং বিশ্বজুড়ে ভক্তদের জন্য এক সত্যিকারের অনুপ্রেরণা। তাঁর লড়াকু মানসিকতা, দৃঢ় সংকল্প এবং ক্রিকেটের প্রতি ভালোবাসা অনেক মানুষকে আশা জুগিয়েছিল। তিনি একটি পুরো প্রজন্মকে আরও বড় স্বপ্ন দেখতে এবং আফগান ক্রিকেটের ভবিষ্যৎকে বিশ্বাস করতে উৎসাহ দিয়েছিলেন।’