দেশজুড়ে আগামী পাঁচ দিন বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। আজ শনিবার প্রকাশিত আবহাওয়া অধিদপ্তরের ১২০ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া অফিসের পূর্বাভাসে জানানো হয়, আগামী তিন দিন দেশের বিভিন্ন অঞ্চলে থেমে থেমে বৃষ্টি হলেও চতুর্থ ও পঞ্চম দিনে তা আরও বিস্তৃত হতে পারে। এ সময় দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে ৩ আগস্ট থেকে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
পূর্বাভাসে বলা হয়েছে, শনিবার রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে।
আগামীকাল রোববার রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক এলাকায় বৃষ্টির বিস্তৃতি থাকবে। একই সঙ্গে ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। সোমবারও দেশের বিভিন্ন অঞ্চলে একই ধরনের আবহাওয়া বিরাজ করবে।
তবে মঙ্গলবার বৃষ্টির পরিমাণ ও বিস্তৃতি আরও বাড়তে পারে। এদিন দেশের আট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে।
বুধবারও রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। বিশেষ করে উত্তরাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলের কোথাও কোথাও ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় বিরাজ করছে। এদিকে মধ্য প্রদেশ ও তৎসংলগ্ন এলাকার নিম্নচাপটি দুর্বল হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে মৌসুমি বায়ুর অক্ষের সঙ্গে মিলিত হয়েছে। এর প্রভাবে বৃষ্টির অনুকূল পরিবেশ বজায় রয়েছে।
এ দিকে ১ ও ২ আগস্ট দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে ৩ আগস্ট থেকে তাপমাত্রা সামান্য কমতে পারে। পাঁচ দিনের পূর্বাভাসের শেষ দিকে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমার আভাসও দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।








