মুখের দাড়ি-গোঁফ ছাঁটা পুরুষদের দৈনন্দিন গ্রুমিংয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ। তবে শেভিংয়ের পাশাপাশি নাকের চুল ট্রিম করা নিয়ে অনেকের মধ্যেই রয়েছে দ্বিধা।

অনেকেই মনে করেন, নাকের বাইরে বেরিয়ে থাকা চুল দেখতে অগোছালো লাগে, তাই তা পুরোপুরি তুলে ফেলাই ভালো। কিন্তু চিকিৎসকদের মতে, নাকের চুল শুধু সৌন্দর্যের বিষয় নয়, বরং এটি শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ প্রাকৃতিক প্রতিরক্ষা ব্যবস্থা।

বিশেষজ্ঞদের ভাষায়, নাকের ভেতরের সূক্ষ্ম চুল বা সিলিয়া বাতাসের সঙ্গে শরীরে প্রবেশ করতে চাওয়া ধুলাবালি, পরাগরেণু, ব্যাকটেরিয়া এবং ক্ষতিকর অ্যালার্জেনকে আটকে দেয়। ফলে এগুলো সহজে শ্বাসনালি ও ফুসফুসে পৌঁছাতে পারে না। অর্থাৎ নাকের চুল আমাদের শরীরের প্রথম প্রতিরক্ষা প্রাচীর হিসেবে কাজ করে।

নাকের চুল পুরোপুরি তুলে ফেলা উচিত নয় কেন

অনেকেই চিমটি দিয়ে নাকের চুল টেনে তুলে ফেলেন বা ওয়াক্সিং করেন। চিকিৎসকেরা বলছেন, এই অভ্যাস একেবারেই নিরাপদ নয়। কারণ চুল উপড়ে ফেললে রোমকূপে ছোট ছোট ক্ষত তৈরি হয়। নাকের ভেতরের পরিবেশ সবসময় আর্দ্র থাকায় সেখানে ব্যাকটেরিয়া সহজেই সংক্রমণ ঘটাতে পারে।

নাক ও ঠোঁটের মাঝের অংশকে চিকিৎসাবিজ্ঞানে 'ট্রায়াঙ্গেল অব ডেথ' বলা হয়। এই অংশের রক্তনালির সঙ্গে মস্তিষ্কের সরাসরি সংযোগ রয়েছে। তাই নাকের ভেতরে গুরুতর সংক্রমণ হলে বিরল হলেও তা দ্রুত ছড়িয়ে জটিল পরিস্থিতি তৈরি করতে পারে।

নাকের চুল বেশি বড় হলে যা করবেন

নাকের চুল যদি এতটাই বড় হয়ে যায় যে বাইরে থেকে স্পষ্ট দেখা যায়, তাহলে তা সম্পূর্ণ তুলে ফেলার প্রয়োজন নেই। বরং নিরাপদভাবে ট্রিম করাই সবচেয়ে ভালো উপায়।

নাকের চুল ছাঁটার জন্য বিশেষভাবে তৈরি ইলেকট্রিক নোজ হেয়ার ট্রিমার ব্যবহার করা নিরাপদ। এটি চুল না টেনে শুধু অতিরিক্ত অংশটুকু কেটে দেয় এবং রোমকূপের ক্ষতি করে না।

যদি কাঁচি ব্যবহার করতে চান, তবে অবশ্যই গোল মাথাযুক্ত সেফটি সিজার ব্যবহার করুন। সাধারণ ধারালো কাঁচি ব্যবহার করলে নাকের ভেতরের সংবেদনশীল ত্বকে কেটে যাওয়ার ঝুঁকি থাকে।

কতটুকু ট্রিম করবেন

চিকিৎসকদের পরামর্শ, নাকের গভীরে থাকা চুলে হাত না দেওয়াই ভালো। কেবল বাইরে বেরিয়ে থাকা অংশটুকু ছোট করে ছেঁটে নিলেই যথেষ্ট। এতে দেখতে যেমন পরিচ্ছন্ন লাগে, তেমনি নাকের প্রাকৃতিক ফিল্টার ব্যবস্থাও অক্ষত থাকে।

আরও পড়ুন

ভারী ফাউন্ডেশন নয়, ন্যাচারাল লুক পেতে বেছে নিন হাইব্রিড মেকআপ

ট্রিমারের পরিচ্ছন্নতাও জরুরি

একটি বিষয় অনেকেই ভুলে যান। ট্রিমার বা কাঁচি ব্যবহারের আগে ও পরে তা ভালোভাবে পরিষ্কার ও জীবাণুমুক্ত করা উচিত। নোংরা যন্ত্র ব্যবহার করলে সংক্রমণের ঝুঁকি বেড়ে যেতে পারে। একই ট্রিমার একাধিক ব্যক্তি ব্যবহার না করাই ভালো।

আরও পড়ুন

বৃষ্টিতে ভেজা চামড়ার ব্যাগ যেভাবে শুকাবেন

গ্রুমিংয়ের উদ্দেশ্য শুধু পরিচ্ছন্ন দেখানো নয়, শরীরের স্বাভাবিক সুরক্ষা ব্যবস্থাকেও সম্মান করা। তাই নাকের চুল পুরোপুরি তুলে ফেলার বদলে প্রয়োজন হলে কেবল অতিরিক্ত অংশ ট্রিম করুন। এতে যেমন পরিচ্ছন্ন লুক বজায় থাকবে, তেমনি শ্বাসনালির প্রাকৃতিক সুরক্ষাও অক্ষুণ্ণ থাকবে।

সূত্র: মেনস হেলথ, হেলথ লাইন

এসএকেওয়াই