বিশ্বকাপে অভিষেকেই বিশ্ব ফুটবলের মানচিত্রে নিজেদের নাম খোদাই করে নিয়েছে কেপ ভার্দে। গ্রুপপর্বে স্পেন ও উরুগুয়ের মতো তারকাখচিত দলকে আটকে দিয়েছে তারা। তিনটি ড্র করে, অর্থাৎ একটাও ম্যাচ না জিতে গ্রুপপর্বের গণ্ডি পেরিয়ে নকআউটে জায়গা করে নিয়েছে এই ছোট্ট দেশ। এবার কঠিন চ্যালেঞ্জের মুখে মাত্র পাঁচ লাখের কিছু বেশি জনসংখ্যার আফ্রিকার এই দ্বীপরাষ্ট্র। ২০২২ বিশ্বকাপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে দ্বিতীয় রাউন্ডে খেলবে কেপ ভার্দে।

এই ম্যাচের আগে আবেগঘন বার্তা দিলেন তাদের ৪০ বছর বয়সি গোলকিপার ভোজিনিয়া। গ্রুপপর্বে দারুণ পারফর্ম করে ইতোমধ্যেই নজর কেড়েছেন তিনি। এবার মেসিদের বিরুদ্ধে নামার আগে ইনস্টাগ্রামে বিশেষ পোস্টে কেপ ভার্দের এই গোলকিপার লেখেন, ‘আমার সঙ্গে যা ঘটেছে, এখনো সেটাই বোঝার চেষ্টা করছি। বিশ্বের নানা প্রান্ত থেকে লাখ লাখ মানুষের এমন ভালোবাসা ও বার্তা আমাকে অবাক করে দিয়েছে। আমি জানি, সব কিছু বুঝে উঠতে এবং এই মুহূর্ত কতটা গুরুত্বপূর্ণ, তা উপলব্ধি করতে আমার কিছুটা সময় লাগবে।’

শেষে নিজের দেশের প্রতি ভালোবাসা এবং বিনয় প্রকাশ করে তিনি লেখেন, ‘কেপ ভার্দে থেকে বিশ্বমঞ্চে পৌঁছতে পেরে আমি সবার কাছে কৃতজ্ঞ।’

আর্জেন্টিনাকে হারিয়ে কেপ ভার্দে শেষ ষোলোতে উঠে যাবে, সেই আশা করছেন না কেউ। তবে গ্রুপপর্বের গণ্ডি পার করে কেপ ভার্দের নকআউটে যাওয়ার যাত্রাই হৃদয় জয় করে নিয়েছে ফুটবলপ্রেমীদের। সবচেয়ে কম জনসংখ্যার দেশ হয়ে বিশ্বকাপের নকআউট পর্বে উঠে নতুন নজির গড়েছে কেপ ভার্দে। এবার তাদের সামনে সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ। তার আগে ভোজিনিয়ার আবেগঘন পোস্ট নিয়ে চলছে চর্চা।