চট্টগ্রামে টিভি ক্যামেরা জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (টিসিজেএ) প্রীতি ফুটবল ম্যাচে আর্জেন্টিনাকে হারিয়েছে ব্রাজিল। মঙ্গলবার (৩০ জুন) সকালে নগরীর এম এ আজিজ স্টেডিয়ামে এ ম্যাচ অনুষ্ঠিত হয়। টানটান উত্তেজনার এ ম্যাচে টাইব্রেকারে আর্জেন্টিনাকে ৫-৪ গোলের ব্যবধানে হারিয়ে ট্রফি ঘরে তোলে ব্রাজিল।
এর আগে নির্ধারিত সময়ের খেলা ২-২ গোলে ড্র হয়। চট্টগ্রামের ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা ব্রাজিল ও আর্জেন্টিনা দুটি দলে ভাগ হয়ে খেলায় অংশ নেন।
ম্যাচের শুরুতে তারাচরণ টিপুর গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। পরে ব্রাজিলের হয়ে সমতাসূচক গোল করেন অনিক বিশ্বাস। ১-১ গোলে সমতায় থেকে বিরতিতে যায় দুই দল। দ্বিতীয়ার্ধে এনামুল হকের গোলে লিড নেয় ব্রাজিল। কিছুক্ষণ পরই আর্জেন্টিনাকে সমতায় ফেরান সুমন গোস্বামী। ২-২ গোলে ড্র হওয়া ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে টাইব্রেকারে ৫-৪ গোলের ব্যবধানে জয় পায় ব্রাজিল।
টিভি ক্যামেরা জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (টিসিজেএ) আয়োজিত এই প্রীতি ফুটবল ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন জেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব মোহাম্মদ সালাউদ্দিন।
ব্রাজিল ও আর্জেন্টিনা প্রীতি ফুটবল ম্যাচ আয়োজক কমিটির আহ্বায়ক সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিলায়েন্স ট্রেড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং করপোরেশনের স্বত্বাধিকারী তহুরা পিংকি ও রহিমা রুহী এবং মাখতুমা মোতাছিম অ্যাসোসিয়েটের স্বত্বাধিকারী ফরিদ উদ্দিন।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বৈশাখী টিভির ব্যুরো চিফ গোলাম মওলা মুরাদ, এটিএন বাংলার ব্যুরো চিফ আবুল হাসনাত এবং দীপ্ত টিভির ব্যুরো চিফ লতিফা আনসারী।
আয়োজক সংগঠনের পক্ষে উপস্থিত ছিলেন টিভি ক্যামেরা জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক আশরাফুল আলম মামুন এবং সংগঠনের সাবেক সভাপতি সফিক আহমেদ সাজিবসহ স্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্বরা।
প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ সালাউদ্দিন বলেন, সাংবাদিকদের পেশাগত ব্যস্ততার মধ্যেও এ ধরনের ক্রীড়া আয়োজন অত্যন্ত প্রশংসনীয়। এটি পারস্পরিক সৌহার্দ্য ও মানসিক প্রফুল্লতা বাড়াতে দারুণ ভূমিকা রাখবে।
এমডিআইএইচ/এমকেআর








