বিশ্বকাপ ফাইনালের আগে আর্জেন্টিনা ও স্পেনকে নিয়ে চলছে নানা বিশ্লেষণ। কেউ স্পেনকে এগিয়ে রাখছেন, আবার কেউ মনে করছেন অভিজ্ঞতা ও মানসিক দৃঢ়তায় মেসির আর্জেন্টিনাই আবারও শিরোপা জিততে পারে। এই বিতর্কে এবার নিজের মতামত জানালেন ইংল্যান্ডের সাবেক ডিফেন্ডার রিও ফার্দিনান্দ। আর্জেন্টিনার ভূয়সী প্রশংসা করলেও শেষ পর্যন্ত ফাইনালে স্পেনকেই জয়ের সম্ভাব্য দল হিসেবে বেছে নিয়েছেন তিনি।

ফার্দিনান্দ বলেন, ‘আর্জেন্টিনার বিপক্ষে বাজি ধরা খুব কঠিন। তারা অসাধারণ চরিত্র, দৃঢ়তা এবং লড়াকু মানসিকতার পরিচয় দিয়েছে।’

তিনি আর্জেন্টিনাকে ‘গড়পড়তা দল’ বলার সমালোচনা করে বলেন, ‘অনেকে বলছে আর্জেন্টিনা নাকি একটি সাধারণ দল। এটা সম্পূর্ণ অসম্মানজনক। তারা মোটেও সাধারণ দল নয়। তাদের দলে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় রয়েছে। ৩৯ বছর বয়স হলেও লিওনেল মেসি এখনও বিশ্বের সেরা খেলোয়াড়দের একজন।’

ম্যানচেস্টার ইউনাইটেড কিংবদন্তির মতে, আর্জেন্টিনার সাফল্যই প্রমাণ করে দলটিকে হালকাভাবে দেখার সুযোগ নেই, ‘গত কয়েক বছরে বড় বড় টুর্নামেন্টের ফাইনালে তারা যা করেছে, বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে-এরপরও তাদের গড়পড়তা দল বলা যায় না। এটা অসম্মানজনক। যারা এমন কথা বলে, তারা সম্ভবত যথেষ্ট ফুটবল দেখেন না।’

ফার্দিনান্দ আরও বলেন, ‘চাপের মুহূর্তে আর্জেন্টিনা আরও শক্তিশালী হয়ে ওঠে। কঠিন পরিস্থিতিতেই তারা নিজেদের সেরা ফুটবল খেলতে পারে।’

তবে এত প্রশংসার পরও নিজের ফাইনাল ভবিষ্যদ্বাণীতে স্পেনকেই এগিয়ে রেখেছেন ইংল্যান্ডের সাবেক এই তারকা, ‘সবকিছু বলার পরও আমার মনে হয়, স্পেনই ম্যাচটি জিতবে।’

অর্থাৎ, রিও ফার্দিনান্দের চোখে আর্জেন্টিনা এখনো বিশ্বের অন্যতম সেরা দল। তবে তার বিশ্বাস, এবারের বিশ্বকাপ ফাইনালে শেষ হাসিটা হাসবে স্পেন।

আরআর