বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা ও স্পেনের মহারণ ঘিরে উত্তেজনা এখন তুঙ্গে। ম্যাচের আগে দুই দলকে নিয়ে চলছে নানা বিশ্লেষণ। এবার সেই আলোচনায় যোগ দিয়েছেন স্পেনকে ২০১০ সালে প্রথম ও একমাত্র বিশ্বকাপ জেতানো কিংবদন্তি কোচ ভিসেন্তে দেল বস্ক। স্পেনের শক্তির ওপর আস্থা রাখলেও তিনি স্পষ্ট করে দিয়েছেন, লিওনেল মেসির আর্জেন্টিনাকে হারানো মোটেও সহজ হবে না।

স্প্যানিশ দৈনিক এল পাইস-কে দেওয়া সাক্ষাৎকারে দেল বস্ক বলেন, ‘আর্জেন্টিনার দৃঢ় মানসিকতা ও অভিজ্ঞতাকে অবশ্যই গুরুত্ব দিতে হবে। আমরা সবাই কোনো না কোনো সময় আর্জেন্টাইন সতীর্থদের সঙ্গে খেলেছি, তাই জানি তারা কতটা কঠিন ও প্রতিযোগিতাপূর্ণ মানসিকতার।’

আর্জেন্টিনার লড়াকু মানসিকতার বিশেষ প্রশংসা করে তিনি আরও বলেন, ‘আর্জেন্টিনা এমন একটি দল, যাদের বিপক্ষে খেলাটা খুবই অস্বস্তিকর। কথাটা যদি বলতেই হয়, তারা সত্যিই ভীষণ কঠিন এক দল। তারা খুব ভালো করেই জানে কী করতে হবে। ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে যেভাবে তারা ঘুরে দাঁড়িয়েছে, সেটাই তার বড় প্রমাণ।’

তবে আর্জেন্টিনার প্রশংসার পাশাপাশি নিজের দেশের দল স্পেনের পারফরম্যান্সেও সন্তুষ্ট দেল বস্ক। তিনি বলেন, ‘আমাদের দল পুরো টুর্নামেন্টজুড়ে অসাধারণ দক্ষতা দেখিয়েছে, যা অন্য দলগুলোর মধ্যে দেখা যায়নি। তারা দারুণ ফুটবল খেলেছে, ম্যাচ নিয়ন্ত্রণ করেছে এবং প্রতিপক্ষকে খুব কম সুযোগ দিয়েছে। আমরা যত ম্যাচ দেখেছি, স্পেন ঠিক যেভাবে খেলতে চেয়েছে, সেভাবেই খেলেছে।’

দেল বস্কের মতে, ফাইনালে স্পেনের জয়ের সম্ভাবনা রয়েছে। তবে শিরোপা জিততে হলে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার অভিজ্ঞতা, মানসিক দৃঢ়তা এবং কঠিন প্রতিদ্বন্দ্বিতার জন্য প্রস্তুত থাকতে হবে।

আরআর/এমএমআর