বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগে সুইজারল্যান্ডের অধিনায়ক জাকা সমর্থকদের উদ্দেশে বলেছেন, ‘স্বপ্ন দেখা চালিয়ে যান।’ তার বিশ্বাস, কঠোর পরিশ্রম ও আত্মবিশ্বাস থাকলে অসম্ভবও সম্ভব হতে পারে।

ক্যানসাস সিটিতে সংবাদ সম্মেলনে জাকা বলেন, সমর্থকদের বলব, ‘স্বপ্ন দেখা চালিয়ে যান। আমি এমন একজন মানুষ, যে সবসময় স্বপ্ন দেখে। আর স্বপ্ন সত্যি হতে পারে।’

তিনি আরও বলেন, ‘স্বপ্ন পূরণ করতে হলে কঠোর পরিশ্রম করতে হবে, ঘাম ঝরাতে হবে এবং শতভাগ উজাড় করে দিতে হবে। কখনও কখনও নতুন কিছু করতেও হয়। আর্জেন্টিনাকে হারাতে হলে নিজেদের সীমা ছাড়িয়ে যেতে হবে।’

সুইজারল্যান্ডের প্রধান কোচ জানিয়েছেন, টুর্নামেন্টের যৌথ সর্বোচ্চ গোলদাতা মেসিকে থামানোর জন্য তাদের একাধিক পরিকল্পনা রয়েছে।

ইয়াকিন বলেন, ‘মাঠে আমরা একটি ইউনিট হিসেবে খেলব। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে আমরা পাসিং ফুটবল খেলতে চাই এবং উঁচুতে উঠে প্রেসিং করব। কথা বলার চেয়ে মাঠে সেটি বাস্তবায়ন করাই গুরুত্বপূর্ণ। মেসিকে থামানোর জন্য আমাদের কিছু সমাধান রয়েছে।’

এদিকে ইয়াকিন নিশ্চিত করেছেন, গ্রুপ পর্বে দারুণ পারফর্ম করা মিডফিল্ডার জোহান মানজাম্বি ইনজুরি থেকে পুরোপুরি সেরে না ওঠায় আর্জেন্টিনার বিপক্ষে কোয়ার্টার ফাইনালে খেলতে পারবেন না।

আরআর/এমএমআর