৭২ বছর পর বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে সুইজারল্যান্ড। তবে সেখানে তাদের জন্য অপেক্ষা করছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এমন মহাগুরুত্বপূর্ণ ম্যাচের আগে দুঃসংবাদ পেলো ইউরোপের দেশটি।

২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে সুইজারল্যান্ডের প্রধান কোচ নিশ্চিত করেছেন, দলের অন্যতম সেরা খেলোয়াড় জোহান মানজাম্বি শনিবারের গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে পারবেন না।

ইয়াকিন বলেন, মানজাম্বির ব্যাপারে বলতে গেলে, সে আগামীকাল (শনিবার) খেলতে পারবে না। তাকে মাঠে ফেরানোর জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি, কিন্তু সে প্রস্তুত হতে পারেনি। আমরা কীভাবে খেলব, সে বিষয়ে সিদ্ধান্ত খুব শিগগিরই নেব।

এই বিশ্বকাপে সুইজারল্যান্ডের হয়ে প্রথম চারটি ম্যাচেই খেলেছেন মানজাম্বি। তিনি করেছেন ৩টি গোল এবং ২টি অ্যাসিস্ট, অর্থাৎ দলের টুর্নামেন্টে করা ৯ গোলের অর্ধেকেরও বেশি গোলে সরাসরি অবদান রেখেছেন।

কোচ ইয়াকিন আরও বলেন, দুর্ভাগ্যজনকভাবে মানজাম্বি এখনও প্রচণ্ড ব্যথায় রয়েছে। এটা আমাদের জন্য বড় ধাক্কা। মাঠে তাকে সবসময় আনন্দ আর আত্মবিশ্বাস নিয়ে খেলতে দেখা যায়। কিন্তু আগামীকালের ম্যাচে সে থাকবে না। তারপরও আমরা দলগতভাবে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব।

কলম্বিয়ার বিপক্ষে শেষ ষোলোর ম্যাচের আগে মানজাম্বি বাঁ হাঁটুতে চোট পান। পরীক্ষায় তার লিগামেন্টে কোনো ক্ষতি ধরা পড়েনি। সুইজারল্যান্ড যদি আর্জেন্টিনাকে হারিয়ে সেমিফাইনালে উঠতে পারে, তবে সেই ম্যাচে তার ফেরার সম্ভাবনা রয়েছে।

আরআর/এমএমআর