এমন হতাশাজনক বিদায় ব্রাজিলের খুব কমই এসেছে। বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায়ের পর ব্রাজিলের সকল ফুটবলার নিজেদেরকে কেমন যেন গুটিয়ে রেখেছেন। হতাশা আর বুকভরা কষ্ট নিযে তারা নিজেদের সঙ্গে নিজেরা সময় কাটাচ্ছেন। অবশেষে ভিনিসিয়ুস জুনিয়র অন্তত কিছু মুখ ফুটে বললেন দীর্ঘদিন পর।

বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ের পর নিজের আনুষ্ঠানিক ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আবেগঘন বার্তা দিয়েছেন এই তারকা ফরোয়ার্ড।

ভিনিসিয়ুস লিখেছেন, ‘প্রায় চার বছর পর আবারও একটি হতাশাজনক বিশ্বকাপ শেষ হওয়ার পর কী লিখব, তা নিয়ে ভাবতে হয়েছে। সব বয়সের মানুষকে আমাদের স্বপ্নকে সমর্থন করতে দেখেছি। তাই চুপ করে থাকা অন্যায় হতো। তবে নিজের অনুভূতিগুলো গুছিয়ে নিতে কয়েক দিন সময় দরকার ছিল।’

তিনি আরও বলেন, ‘ব্রাজিলের জার্সি গায়ে চাপানো আমার জীবনের সবচেয়ে বড় গর্ব। কিন্তু বিশ্বকাপের শেষ ষোলো থেকেই বিদায় নেওয়ার অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন। আমি জানি, এই টুর্নামেন্টের জন্য কতটা প্রস্তুতি নিয়েছিলাম, কতটা মনোযোগ দিয়েছিলাম। আমি এটা চেয়েছিলাম দেশের মানুষ ও আমার পরিবারের জন্য।’

ভিনিসিয়ুস নিজের হতাশার কথাও স্পষ্টভাবে তুলে ধরেন। তিনি বলেন, ‘হতাশাটা অবিশ্বাস্য রকমের বড়। আমাদের এমন একটি দল ছিল, যারা আরও অনেক দূর যেতে পারতো। কিন্তু আমরা পারিনি। এজন্য আমি সবার কাছে ক্ষমা চাইছি। তবে আমি প্রতিজ্ঞা করছি, ব্রাজিলকে আবার বিশ্বের শীর্ষে ফিরিয়ে আনতে, আমাদের স্বপ্নের জন্য লড়াই চালিয়ে যাব।’

দল বিদায় নিলেও ব্যক্তিগতভাবে দুর্দান্ত একটি বিশ্বকাপ কাটিয়েছেন ২৫ বছর বয়সী ভিনিসিয়ুস জুনিয়র। পুরো টুর্নামেন্টে তিনি ৪টি গোল করেছেন এবং ১টি অ্যাসিস্ট দিয়েছেন। এটি ছিল ব্রাজিলের হয়ে তার দ্বিতীয় বিশ্বকাপ। এখন পর্যন্ত বিশ্বকাপে ৯ ম্যাচে তার মোট অবদান ৫ গোল ও ৩ অ্যাসিস্ট।

আরআর/এমএমআর