২০২৬ বিশ্বকাপের শেষ বত্রিশের আর্জেন্টিনার প্রতিপক্ষ কেপ ভার্দেকে বেশ সমীহ করছেন লিওনেল স্কালোনি। এর পেছনে রয়েছে এবারের আসরে নবাগত আফ্রিকান দলটির নজরকাড়া পারফরম্যান্স। সেটা বিবেচনায় নিয়ে নকআউট পর্বে তারা কঠিন প্রতিপক্ষ হতে চলেছে বলে মন্তব্য করেছেন আর্জেন্টিনার কোচ।গতকাল সকালে গ্রুপের শেষ ম্যাচে জর্ডানের বিপক্ষে ৩-১ গোলের জয় পেয়েছে আর্জেন্টিনা। এই জয়ের মধ্য দিয়ে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে পরের রাউন্ডে পা রেখেছে শিরোপাধারীরা। জর্ডানকে হারানোর পর ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে মুখোমুখি হন স্কালোনি। সেখানে শেষ বত্রিশের লড়াইয়ে প্রতিপক্ষ কেপ ভার্দেকে নিয়ে নিজের সতর্ক অবস্থানের কথা তুলে ধরেছেন তিনি।স্কালোনি বলেছেন, ‘তারা ভালো একটি দল। (গ্রুপ পর্বে) নিজেদের তিন প্রতিপক্ষের জন্যই তারা পরিস্থিতি কঠিন করে তুলেছিল। তারা বেশ শক্ত প্রতিপক্ষ। স্পেনের মতো ফেবারিট দল এবং উরুগুয়ে ও সৌদি আরবের বিপক্ষে যেমনটা করেছে, আমাদের বিপক্ষেও তারা সেভাবেই কঠিন পরিস্থিতি তৈরি করবে।’বিশ্বকাপে এখন পর্যন্ত দলটির খেলা দেখে সতর্ক থাকার কথা জানিয়েছেন স্কালোনি, ‘এই বিশ্বকাপে আমরা যা দেখছি, সেই বিবেচনায় আমাদের সতর্ক থাকতে হবে। তারা দ্রুতগতির, মানসম্পন্ন ও দারুণ একটি দল।’
শিষ্যদের পারফরম্যান্স নিয়ে স্কালোনি বলেছেন, ‘আজকের ম্যাচটি এমন ছিল যেখানে আমরা কাউকে নিয়ে ঝুঁকি নিতে চাইনি এবং (যারা বিশ্রাম পেয়েছে তাদের জায়গায়) ওই পজিশনে খেলতে পারে এমন সম্ভাব্য খেলোয়াড়দের দেখে নিতে পেরেছি।’








