লিওনেল মেসির কান্না দেখে কে বলবে, মাত্রই কোয়ার্টার ফাইনালে উঠেছে আর্জেন্টিনা?
কিন্তু খেলা যারা দেখেছেন, তারা জানেন এই কান্নার অর্থ। আটলান্টা স্টেডিয়ামে শেষ ষোলোর ম্যাচে হেরে বিদায়ের দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিল আর্জেন্টিনা। ৭৮ মিনিট পর্যন্ত মিসর এগিয়েছিল ২–০ গোলে। বিশ্বকাপে আর্জেন্টিনা কখনো দুই গোলে পিছিয়ে পড়ার পর ম্যাচ জিততে পারেনি।
আজ সেই নজিরবিহীন কীর্তিই গড়েছেন মেসিরা। ক্রিস্টিয়ান রোমেরো, মেসি ও এনজো ফার্নান্দেজের গোলে আর্জেন্টিনা জিতেছে ৩–২ গোলে। গতবারের চ্যাম্পিয়নরা পা রেখেছে এবারের আসরের শেষ আটে।
সেমিফাইনালে ওঠার লড়াইয়ে আর্জেন্টিনার প্রতিপক্ষ এখনও চূড়ান্ত হয়নি। শেষ ষোলোর সর্বশেষ ম্যাচে মুখোমুখি হবে কলম্বিয়া–সুইজারল্যান্ড। ওই ম্যাচের জয়ী দলই হবে আর্জেন্টিনার কোয়ার্টার ফাইনাল প্রতিপক্ষ। ম্যাচটি শুরু হবে ১২ জুলাই রোববার বাংলাদেশ সময় সকাল ৭টায়।







