বিশ্বকাপ যত শেষের দিকে এগোচ্ছে, ততই উত্তপ্ত হয়ে উঠছে গোল্ডেন বুটের লড়াই। দলগত শিরোপার পাশাপাশি ব্যক্তিগত এই মর্যাদাপূর্ণ পুরস্কার জিততে মরিয়া বিশ্বের সেরা সব ফরোয়ার্ডরা। মিশরের বিপক্ষে মাঠে নামার আগে গোল্ডেন বুটের লড়াইয়ে তিনজন শীর্ষে একই কাতারে। ৭ গোল করে নিয়ে মেসি, এমবাপে এবং হালান্ড ছিলে শীর্ষে। তবে শেষ ষোলোয় মিশরের বিপক্ষে গোল করে কোয়ার্টার ফাইনালের আগে সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে রয়েছেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি।

মেসি এখন পর্যন্ত করেছেন ৮ গোল। নকআউট পর্বে মিশরের বিপক্ষে নাটকীয় ৩-২ গোলের জয়ে একটি গোল করে নিজের সংগ্রহ বাড়িয়েছেন তিনি। এর আগে আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক, অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল, জর্ডানের বিপক্ষে ফ্রি-কিক থেকে একটি এবং কেপ ভার্দের বিপক্ষে একটি গোল করেছিলেন আর্জেন্টাইন মহাতারকা। টুর্নামেন্টজুড়ে ধারাবাহিক পারফরম্যান্সের কারণে গোল্ডেন বুটের দৌড়ে আপাতত সবচেয়ে এগিয়ে তিনিই।

তবে মেসির পথ মোটেও সহজ নয়। ফ্রান্সের কিলিয়ান এমবাপেও আছেন দুর্দান্ত ছন্দে। তিনি এখন পর্যন্ত ৭ গোল করেছেন। সেনেগাল, ইরাক ও সুইডেনের বিপক্ষে জোড়া গোল করার পাশাপাশি প্যারাগুয়ের বিপক্ষে জয়সূচক গোল করে নিজের গোলসংখ্যা সাতে নিয়ে গেছেন। ফরাসি এই ফরোয়ার্ডের গতি, ফিনিশিং এবং বড় ম্যাচে পার্থক্য গড়ে দেওয়ার ক্ষমতা তাকে গোল্ডেন বুটের অন্যতম দাবিদার করে তুলেছে।

একই সংখ্যক ৭ গোল নিয়ে তালিকার শীর্ষ সারিতেই রয়েছেন নরওয়ের আরলিং হালান্ড। ব্রাজিলের বিপক্ষে ঐতিহাসিক জয়ে জোড়া গোল করে তিনি গোল্ডেন বুটের লড়াইয়ে নতুন মাত্রা যোগ করেছেন। বিশ্বকাপের অভিষেক আসরেই দুর্দান্ত গোল করার ক্ষমতা দেখিয়ে হালান্ড প্রমাণ করেছেন, বড় মঞ্চেও তিনি সমান ভয়ংকর।

অন্যদিকে ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইনও রয়েছেন আলোচনায়। ৬ গোল নিয়ে তিনি আছেন চতুর্থ স্থানে। নকআউট পর্বে আরও কয়েকটি গোল করতে পারলে তিনিও শীর্ষ তিনজনকে টপকে যাওয়ার সুযোগ পাবেন।

গোল্ডেন বুট নির্ধারণ হবে যেভাবে

বিশ্বকাপ শেষে যে খেলোয়াড় সর্বোচ্চ গোল করবেন, তিনিই জিতবেন গোল্ডেন বুট। তবে দুই বা ততোধিক ফুটবলারের গোলসংখ্যা সমান হলে প্রথমে বিবেচনা করা হবে কে কতটি অ্যাসিস্ট করেছেন। অর্থাৎ বেশি অ্যাসিস্ট করা খেলোয়াড় এগিয়ে থাকবেন।

যদি গোল ও অ্যাসিস্ট- দুই ক্ষেত্রেই সমতা থাকে, তাহলে দেখা হবে মাঠে কে কম সময় খেলেছেন। কম মিনিটে একই সংখ্যক গোল করা ফুটবলারই চূড়ান্তভাবে এগিয়ে থাকবেন।

২০২৬ বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার তালিকা

লিওনেল মেসি, আর্জেন্টিনা: ৮

কিলিয়ান এমবাপে, ফ্রান্স: ৭

আর্লিং হালান্ড, নরওয়ে: ৭

হ্যারি কেইন, ইংল্যান্ড: ৬

আইএইচএস/আইএন