২০২৬ বিশ্বকাপের শেষ ষোলোতে আর্জেন্টিনার কাছে ৩-২ গোলে নাটকীয়ভাবে হেরে বিদায় নেওয়ার পর ম্যাচের রেফারিং নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন মিশরের প্রধান কোচ হোসাম হাসান। ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়েরের সিদ্ধান্তকে ‘অন্যায়’ আখ্যা দিয়ে তিনি ইঙ্গিতপূর্ণ মন্তব্যও করেছেন।
ম্যাচ শেষে হোসাম হাসান বলেন, ‘আমি রেফারিকে শুধু বলেছি, এটা অন্যায়। হয়তো তার আগে থেকেই কিছু মাথায় ছিল। হয়তো তার লুকানোর কিছু আছে। যার লুকানোর কিছু থাকে, সে অনেক সময় সেটা লুকাতে পারে না। ওই মুহূর্তে আমার ঠিক এমনটাই মনে হয়েছে।’
ম্যাচের অতিরিক্ত সময়ে রেফারির সঙ্গে তর্কে জড়িয়ে হলুদ কার্ডও দেখেন মিশর কোচ। তর্কের সময় তাকে ‘এক্স’ আকৃতির একটি ইশারা করতে দেখা যায়, যা ফিফার বর্ণবাদবিরোধী অভিযোগ জানানোর প্রোটোকলের সঙ্গে মিল থাকলেও, ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি এর ব্যাখ্যা দেননি।
ম্যাচে শুরুতে দারুণ খেলেছিল মিশর। ইয়াসের ইব্রাহিম ও জিকোর গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় আফ্রিকান দলটি। অন্যদিকে, ম্যাচের শুরুতেই লিওনেল মেসি একটি পেনাল্টি মিস করেন।
তবে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ক্রিশ্চিয়ান ‘কুটি’ রোমেরো, লিওনেল মেসি ও এনজো ফার্নান্দেজের গোলে ৩-২ ব্যবধানে জয় নিশ্চিত করে আলবিসেলেস্তেরা।
ম্যাচজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে ছিল রেফারিং। মিশরের জিকোর আরেকটি গোল ভিএআর পর্যালোচনার পর বাতিল করা হয়। এছাড়া একটি সম্ভাব্য পেনাল্টি না পাওয়া নিয়েও ক্ষুব্ধ ছিল আফ্রিকান দলটি।
এই জয়ে আর্জেন্টিনা কোয়ার্টার ফাইনালে উঠে গেছে। শেষ আটে তাদের প্রতিপক্ষ হবে সুইজারল্যান্ড ও কলম্বিয়ার মধ্যকার ম্যাচের বিজয়ী।
আরআর/আইএন








