২০২৬ বিশ্বকাপের শেষ ষোলোতে আর্জেন্টিনা-মিশর ম্যাচে রেফারিং নিয়ে তীব্র বিতর্কের পর গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে ফিফা। সংস্থাটি ঘোষণা করেছে, আগামী বৃহস্পতিবার বোস্টনে অনুষ্ঠিত ফ্রান্স ও মরক্কোর কোয়ার্টার ফাইনাল ম্যাচ পরিচালনা করবেন আর্জেন্টাইন রেফারি ফাকুন্দো তেয়ো।

আর্জেন্টিনা-মিশর ম্যাচে ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ের দায়িত্ব পালন করেছিলেন। সেই ম্যাচে বেশ কয়েকটি সিদ্ধান্ত নিয়ে মিশর যেমন ক্ষোভ প্রকাশ করে, তেমনি ম্যাচের আগে একজন ফরাসি রেফারিকে আর্জেন্টিনার ম্যাচে নিয়োগ দেওয়া নিয়েও আর্জেন্টিনার সংবাদমাধ্যমে সমালোচনা হয়। দেশটির প্রভাবশালী দৈনিক লা নাসিওন শিরোনাম করেছিল, ‘অবাক করার মতো সিদ্ধান্ত, তিনি ফরাসি আর ফ্রান্স তো আর্জেন্টিনার অন্যতম বড় প্রতিদ্বন্দ্বী।’

এমন পরিস্থিতিতে ফ্রান্সের ম্যাচে একজন আর্জেন্টাইন রেফারিকে নিয়োগ দেওয়াকে অনেকেই ফিফার ‘পারস্পরিক ভারসাম্য রক্ষার’ পদক্ষেপ হিসেবে দেখছেন।
আর্জেন্টিনা ও ফ্রান্সের মধ্যকার প্রতিদ্বন্দ্বিতা বিশেষভাবে তীব্র হয়ে ওঠে ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালের পর। ফুটবল ইতিহাসের অন্যতম সেরা সেই ফাইনালে ৩-৩ সমতার পর টাইব্রেকারে জিতে শিরোপা জেতে আর্জেন্টিনা।

৪৪ বছর বয়সী ফাকুন্দো তেলো দক্ষিণ আমেরিকার অন্যতম অভিজ্ঞ রেফারি হিসেবে পরিচিত। তিনি কোপা লিবার্তাদোরেসের ফাইনালসহ একাধিক গুরুত্বপূর্ণ ম্যাচ পরিচালনা করেছেন। এটি তার টানা দ্বিতীয় বিশ্বকাপ। এবারের আসরে ইতোমধ্যে গ্রুপ পর্বে দক্ষিণ আফ্রিকা-দক্ষিণ কোরিয়া এবং কানাডা-বসনিয়া ও হার্জেগোভিনা ম্যাচে দায়িত্ব পালন করেছেন তিনি।

তবে চলতি বছর তার ক্যারিয়ারে একটি বাধাও আসে। বিশ্বকাপ প্লে-অফে কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র ও জ্যামাইকার ম্যাচ পরিচালনার সময় পায়ে চোট পাওয়ায় কোপা লিবার্তাদোরেসে পালমেইরাসের একটি ম্যাচে দায়িত্ব পালন করতে পারেননি তেয়ো। এবার বিশ্বকাপের গুরুত্বপূর্ণ নকআউট ম্যাচে বাঁশি বাজিয়ে আবারও আলোচনায় এলেন অভিজ্ঞ এই আর্জেন্টাইন রেফারি।

আরআর/আইএন