মিশরের বিপক্ষে ২-০ গোলে পিছিয়ে থেকেও ৩-২ ব্যবধানে অবিশ্বাস্য প্রত্যাবর্তন করে ২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। ম্যাচ শেষে আবেগ সামলাতে পারেননি প্রধান কোচ লিওনেল স্কালোনি। কান্নায় ভেঙে পড়ায় টেলিভিশন সাক্ষাৎকার শেষ না করেই মাঠ ছেড়ে চলে যান তিনি।
চোখের পানি ধরে রাখতে না পেরে স্কালোনি বলেন, ‘আমি মাথা তুলতে পারছি না। আমাকে ক্ষমা করবেন। আমি খুব আবেগাপ্লুত। কী অসাধারণ একটা দল... আর কিছু বলতে পারছি না, আমাকে যেতে হবে।’
পরবর্তীতে সংবাদ সম্মেলনে নিজের আবেগের কারণ ব্যাখ্যা করে আর্জেন্টিনা কোচ বলেন, ‘আমরা কঠিন সময় পার করেছি, যদিও খারাপ খেলিনি। অনেক সুযোগ তৈরি করেছি। কিন্তু ফুটবল এমনই। এই অনুভূতির জন্যই আমি কোচ হয়েছি। আমিও সবার মতো কষ্ট পাই, তবে ফুটবল যে আবেগ দেয়, তার কোনো তুলনা হয় না।’
তিনি আরও বলেন, ‘এটি ফাইনাল ছিল না, কিন্তু আজকের জয়ের গুরুত্ব আমাদের বড় বড় অর্জনের মতোই। এই দলটি কখনো হাল ছাড়ে না, যেকোনো পরিস্থিতিতে নিজেদের ফুটবল খেলে যায়। কৌশল ও পরিকল্পনা গুরুত্বপূর্ণ, কিন্তু লড়াইয়ের মানসিকতা না থাকলে আমরা আজ বিদায় নিতাম। সমর্থকদের বলব, শক্ত থাকুন। কাতারে লিও যেমন বলেছিল, আমরাও কখনো আপনাদের ছেড়ে যাওবো না।’
নিজের আবেগপ্রবণ স্বভাব নিয়ে হাস্যরসও করেন স্কালোনি। তিনি বলেন, ‘আমি সবসময়ই আবেগপ্রবণ। অনেক সময় চোখে পানি চলে আসে, আজ ড্রেসিংরুমেও কেঁদেছি। অনেকে আমাকে ‘লা ইয়োরোনা’ (কাঁদুনি) বলে ডাকে। কিন্তু এতে আমার কিছু যায় আসে না। এমন অনুভূতি পাওয়াই তো সবচেয়ে বড় ব্যাপার। পাবলো আইমার, রবার্তো আয়ালা, ওয়াল্টার সামুয়েল আমরা সবাই প্রায় ২০ বছর ফুটবল খেলেছি। আজকের মতো একটি ম্যাচ ঘুরিয়ে দেওয়ার যে রোমাঞ্চ, সেটিই আমাদের কোচিংয়ে নিয়ে এসেছে।’
ম্যাচের বিশ্লেষণে স্কালোনি বলেন, ‘আমি কখনোই মনে করিনি ম্যাচটি হাতছাড়া হয়ে গেছে। আমরা ভালো খেলছিলাম, সুযোগ তৈরি করছিলাম। কোচ হিসেবে সবচেয়ে বেশি কষ্ট হয় যখন মনে হয় দলের হাতে কোনো সমাধান নেই। কিন্তু আজ আমার বিশ্বাস ছিল, আমরা ম্যাচে ফিরতে পারবো। কেপ ভার্দের বিপক্ষে ম্যাচের তুলনায় আজ আমরা সম্পূর্ণ ভিন্ন ধরনের ফুটবল খেলেছি এবং সেটাই পার্থক্য গড়ে দিয়েছে।’
ম্যাচে প্রথমে ইয়াসের ইব্রাহিম ও জিকোর গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় মিশর। এরপর দ্বিতীয়ার্ধে ক্রিস্তিয়ান ‘কুটি’ রোমেরো, লিওনেল মেসি ও এনজো ফার্নান্দেজের গোলে দুর্দান্ত প্রত্যাবর্তন করে ৩-২ ব্যবধানে জয় তুলে নেয় বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
আরআর/আইএন








