টানা দুইবার শিরোপা জয়ের কাছাকাছি গিয়েও শিরোপা জেতা হলো না আর্জেন্টিনার। নিউজার্সিতে স্পেনের কাছে ১-০ গোলে হেরে রানার্সআপ হওয়ার পর সেই হতাশা ছড়িয়ে পড়ে বুয়েনস এইরেসে। রণক্ষেত্রে পরিণত হয় আর্জেন্টিনার রাজধানী শহর। ভক্ত-সমর্থকদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে।
স্পেনের বিপক্ষে ফাইনালে নিজেদের জাতীয় দলকে সমর্থন জানাতে অনেকেই ওবেলিস্ক স্মৃতিস্তম্ভের আশপাশে জড়ো হন। কিন্তু হারের পর উত্তপ্ত হয়ে ওঠে বুয়েনস এইরেস। ম্যাচ শেষ হওয়ার পর হাজার হাজার সমর্থক রাস্তায় নেমে আসেন। ক্ষুব্ধ আর্জেন্টাইন সমর্থকেরা বুয়েনস এইরেসে পুলিশের দিকে পাথর ও কাঁচের বোতল নিক্ষেপ করেন। কমপক্ষে ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে আর্জেন্টিনার স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে।
ক্ষুব্ধ সমর্থকেরা পুলিশের দিকে পাথর ও কাঁচের বোতল ছুড়ে মারেন। পরিস্থিতি সামাল দিতে দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়েছে। জবাবে পুলিশ রাবার বুলেট, টিয়ার গ্যাস এবং জলকামান ব্যবহার করে। সামাজিক মাধ্যমে প্রকাশিত এক ছবিতে দেখা যায়, এক সমর্থকের মাথায় লাথি মারছেন দাঙ্গা পুলিশের এক সদস্য।
আর্জেন্টিনা গতকাল ৯০ মিনিটের পর অতিরিক্ত ৩ মিনিটে ১০ জনের দলে পরিণত হয়। পাউ কুবারসিকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন এনসো ফের্নান্দেস। যা আপনাআপনি লাল কার্ডে পরিণত হয়। এমনকি আর্জেন্টাইন মিডফিল্ডার লেয়ান্দ্রো পারেদেস ম্যাচে হলুদ কার্ড দেখেছেন। হারের পর তিনি স্পেনের এরিক গার্সিয়া ও গাভির গলা চেপে ধরেন।
১-০ গোলের জয়ে ১৬ বছর পর বিশ্বকাপ জয়ের আনন্দে মঞ্চে স্পেনের ফুটবলাররা হাসিমুখে মেডেল পরছেন। ১০৬ মিনিটে জয়সূচক গোলটা করেছেন স্পেনের ফরোয়ার্ড ফেরান তোরেস।নিকো উইলিয়ামসের হেড থেকে পাস রিসিভ করে যে বুলেট গতির শট তোরেস দিয়েছেন, তা ঠেকানোর সাধ্য ছিল না এমি মার্তিনেসের। দীর্ঘ ৩৯ দিনের টুর্নামেন্ট শেষ হলো লুইস দে লা ফুয়েন্তের শিষ্যদের ট্রফি উদযাপন দিয়ে। তবে ম্যচ শেষে নিউ জার্সিতে স্পেনের হাতে ট্রফি দেওয়ার সময় আর্জেন্টিনা উল্টোদিকে ফিরে দাঁড়ায়।








