বিশ্বকাপে বেলজিয়ামকে কোয়ার্টার ফাইনালে তুললেও এর ওপর নিতে না পারায় দায়িত্বে থাকছেন না কোচ রুডি গার্সিয়া। চুক্তির মেয়াদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই দলের প্রধান কোচের পদ ছাড়ছেন ৬২ বছর বয়সী এই ফরাসি কোচ।
বেলজিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (আরবিএফএ) জানিয়েছে, আগামী ৩১ জুলাই গার্সিয়ার চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। দুই পক্ষের আলোচনার পর সিদ্ধান্ত হয়েছে, এই চুক্তি আর নবায়ন করা হবে না। ফলে প্রায় দেড় বছরের দায়িত্ব পালনের পরই শেষ হচ্ছে তার বেলজিয়াম অধ্যায়।
২০২৫ সালের ফেব্রুয়ারিতে ডোমেনিকো তেদেস্কোর উত্তরসূরি হিসেবে দায়িত্ব নিয়েছিলেন গার্সিয়া। দায়িত্ব নেওয়ার পরই তিনি দলকে পুনর্গঠনের কাজ শুরু করেন এবং সফলভাবে ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেন।
বিশ্বকাপে বেলজিয়ামও দারুণ লড়াই উপহার দেয়। শেষ পর্যন্ত কোয়ার্টার ফাইনালে উঠে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের কাছে হেরে বিদায় নেয় রেড ডেভিলস। তবে দলটির পারফরম্যান্সে ইতিবাচক পরিবর্তনের কৃতিত্ব দেওয়া হচ্ছে গার্সিয়াকেই।
বিদায়ের ঘোষণায় গার্সিয়া বলেন, ‘বেলজিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের সঙ্গে আলোচনার পর আমরা সিদ্ধান্ত নিয়েছি, গত ১৮ মাসের দারুণ যাত্রা আর এগিয়ে নেওয়া হবে না।’
তিনি আরও বলেন, ‘আমি এমন একটি দল রেখে যাচ্ছি, যারা নেশন্স লিগের ‘এ’ লিগে খেলছে এবং বিশ্বের সেরা আট দলের একটি।’
আরও পড়ুন
গার্দিওলাকে কোচ করতে চায় ইতালি, রাজি আছেন তো এই স্প্যানিশ?
নিজের সময়টাকে স্মরণ করে গার্সিয়া বলেন, ‘আমার অসাধারণ খেলোয়াড়দের, ক্রীড়া পরিচালক ভিনসেন্ট মানার্টকে ও বিশ্বকাপজুড়ে আমাদের সমর্থন দেওয়া সব সমর্থককে আন্তরিক ধন্যবাদ জানাই।’
একই সঙ্গে ভবিষ্যতের জন্য শুভকামনা জানিয়ে তিনি বলেন, ‘প্রজন্ম পরিবর্তনের যে প্রক্রিয়া তা শুরু করতে পেরে আমি গর্বিত, সেই যাত্রায় বেলজিয়াম আরও সফল হোক- এটাই আমার কামনা।’
গার্সিয়ার বিদায়ে তার অবদানের প্রশংসা করেছেন বেলজিয়ামের ক্রীড়া পরিচালক ভিনসেন্ট মানার্ট। তিনি বলেন, ‘রুডি গার্সিয়া নিঃসন্দেহে বেলজিয়ান রেড ডেভিলসকে পুনরায় সঠিক পথে ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।’
মানার্ট জানান, গার্সিয়া এমন এক সময়ে দায়িত্ব নিয়েছিলেন, যখন দলটি ক্রীড়া ও আর্থিক- দুই দিক থেকেই কঠিন পরিস্থিতির মধ্যে ছিল।
তিনি বলেন, ‘তার অভিজ্ঞতা, নেতৃত্ব ও নিষ্ঠার কারণে দলের মধ্যে আবার ঐক্য ফিরে আসে। এর ফল আমরা সর্বশেষ বিশ্বকাপে দেখেছি, যেখানে দলটি উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।’
বিদায়ী কোচ ও তার সহকারীদের ধন্যবাদ জানিয়ে মানার্ট বলেন, ‘গত ১৮ মাসে তাদের অবদানের জন্য আমরা কৃতজ্ঞ। এখন আমরা নতুন একটি অধ্যায়ের প্রস্তুতি নিচ্ছি, যার মধ্যে নতুন জাতীয় দলের কোচ নিয়োগও রয়েছে।’
গার্সিয়ার বিদায়ের মধ্য দিয়ে আবারও নতুন কোচের সন্ধানে নামছে বেলজিয়াম। সামনে উয়েফা নেশন্স লিগ ও ইউরো ২০২৮ বাছাইপর্বকে সামনে রেখে শিগগিরই নতুন কোচ নিয়োগের প্রক্রিয়া শুরু করবে বেলজিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন।
আইএইচএস/একিউএফ








