কাতার বিশ্বকাপের মতো যুক্তরাষ্ট্রের মাটিতে অনুষ্ঠিত বিশ্বকাপটাও নিজের করে নিতে চেয়েছিলেন লিওনেল মেসি। কিন্তু ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরে সেই স্বপ্ন বাস্তবায়ন করা হয়নি। ম্যাচ শেষে মাঠেই অশ্রুসিক্ত হয়ে পড়েন।
অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের গোলে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের চ্যাম্পিয়ন হয় স্পেন ১৬ বছর পর। ২০১৪ সালের পর আরেকবার ফাইনালে হারলেন মেসি। ফাইনালের পর নিজের ভবিষ্যত নিয়ে এখনও কিছু জানাননি তিনি। তাই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না ২০৩০ বিশ্বকাপে তিনি খেলবেন কি না।
তবে ফাইনাল হারের পর মুখ খুলেছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তিনি লিখেছেন, ‘কষ্টটা অনেক গভীর, এই ক্ষত সারতে সময় লাগবে। তবে ভালো স্মৃতিগুলোও আমি ধরে রাখতে চাই।’
তিনি আরও লেখেন, ‘যে ম্যাচগুলো আমরা শেষ পর্যন্ত লড়ে ঘুরে দাঁড়িয়ে জিতেছি, সেগুলো চিরকাল স্মৃতিতে থাকবে। পুরো দেশের সমর্থন, এই দলের কঠোর পরিশ্রম ও আত্মত্যাগ—সব মিলিয়ে আমরা আবারও বিশ্বের সেরাদের কাতারে ফিরেছি।’
টানা দুই বিশ্বকাপ ফাইনালে ওঠার কৃতিত্বের কথাও স্মরণ করেন মেসি, ‘এ মুহূর্তে হয়তো আমাদের অর্জনটা পুরোপুরি উপলব্ধি করা কঠিন। কিন্তু এই দল টানা দুইটি বিশ্বকাপ ফাইনাল খেলেছে।’
সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘প্রতিটি শুভেচ্ছা ও বার্তার জন্য হৃদয়ের গভীর থেকে ধন্যবাদ। আমরা আবারও পুরো দেশকে একত্রিত করতে পেরেছি এবং আর্জেন্টাইন হতে পারার গর্ব ভাগাভাগি করেছি।’
শেষে নতুন বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে অভিনন্দনও জানান মেসি। ‘স্পেনকে বিশ্বকাপ জয়ের জন্য অভিনন্দন।’
চলতি বিশ্বকাপে মেসি ৮ গোল ও ৪ অ্যাসিস্ট করে আর্জেন্টিনাকে গত চার আসরের মধ্যে তৃতীয়বারের মতো ফাইনালে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। নকআউট পর্বে মিশর ও ইংল্যান্ডের বিপক্ষে দলকে দুর্দান্ত প্রত্যাবর্তনের জয় এনে দিলেও, পুরো টুর্নামেন্টে মাত্র এক গোল হজম করা স্পেনের রক্ষণভাগ ভাঙতে পারেননি।
আইএন








