বিশ্বকাপ ফুটবল খেলা শেষ হলেও, এখনো শেষ হয়নি খেলার গল্প। কয়েকদিন ধরে চলছে ফাইনাল ম্যাচ সহ পুরো টুর্নামেন্টের নানা আলোচনা। চট্টগ্রামের মিরসরাই উপজেলার ১৬ ইউনিয়ন ও দুই পৌরসভার বিভিন্ন পাড়া-মহল্লা, হাট-বাজার, চায়ের দোকান, অফিস, বাড়ি সব জায়গায় আলোচনার কেন্দ্রবিন্দু বিশ্বকাপ। অনেকে এখনো প্রিয় দলের পরাজয় ভুলতে পারছেন না। আবার অনেক সমর্থক বিজয়ের আনন্দে উচ্ছ্বসিত।
জানা গেছে, সারা দেশের মতো প্রায় দেড় মাস ধরে ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় মুখর ছিল মিরসরাই। রাত জেগে খেলা দেখা, প্রিয় দলের জার্সি গায়ে দিয়ে চলাফেরা, চায়ের দোকানে তর্ক-বিতর্ক, বিভিন্ন খাবারের আয়োজন, বড় পর্দায় খেলা দেখা সহ নানা আলোচনা সবকিছু যেন দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠেছিল। তবে এখনও সবার আলোচনার কেন্দ্রবিন্দুতে বিশ্বকাপের ফাইনাল আর পুরো টুর্নামেন্টের স্মৃতিচারণ।
মঙ্গলবার (২১ জুলাই) প্রায় প্রতিটি এলাকায় দেখা গেছে ছোট ছোট আড্ডায় জমে উঠেছে ফাইনাল নিয়ে আলোচনা। কেউ বিশ্লেষণ করছেন স্পেনের শিরোপা জয়, কেউ আক্ষেপ করছেন আর্জেন্টিনার হার নিয়ে, আবার কেউ স্মরণ করছেন পুরো বিশ্বকাপের সেরা মুহূর্তগুলোকে। আর্জেন্টিনার সমর্থকরা শিরোপার স্বপ্নে বিভোর থাকলেও ফাইনালে হারের পর তাদের অনেকেই হতাশ। সেই হতাশার মাঝেই প্রতিপক্ষ স্পেনের সমর্থকদের আলোচনায় বারবার উঠে আসছে দলটির দুর্দান্ত নৈপুণ্য, দলগত খেলা এবং শিরোপা জয়ের গল্প।
মিরসরাই পৌরসভা মার্কেটে একটি চায়ের দোকানে কথা হয় আর্জেন্টিনা সমর্থক ইকবাল হোসেনের সঙ্গে। তিনি বলেন, 'ধরে নিয়েছিলাম এবার আমরা চ্যাম্পিয়ন হবো। খুব হতাশ হয়েছি, ফাইনালে এত বাজে খেলবে চিন্তাও করতে পারিনি।'
একই দোকানে স্পেনের সমর্থক জাবেদ হোসাইন বলেন, 'টুর্নামেন্টের শুরু থেকে স্পেন দারুণ খেলা উপহার দিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। শিরোপাটা স্পেনের প্রাপ্য ছিল।'
ওয়াহেদপুর এলাকার জাহাঙ্গীর আলম বলেন, 'আমি ব্রাজিলের সমর্থক ছিলাম। ব্রাজিল হেরে যাওয়ার পর আর্জেন্টিনার সঙ্গে যে দলের খেলা হতো ওই দলকে সমর্থন দিয়েছি। কিন্তু সবাই হেরে গেছে। ফাইনালে সমর্থন দিয়ে আশা পূরণ হয়েছে। আর্জেন্টিনাকে হারিয়ে স্পেন চ্যাম্পিয়ন হয়েছে।'
বারইয়ারহাট এলাকার বাসিন্দা নুরুল আবছার বলেন, 'প্রায় দেড়মাস ধরে বিশ্বকাপ উন্মাদনা ছিল। তাই আগামী কয়েকদিন হয়ত ফাইনাল ও পুরো টুর্নামেন্ট নিয়ে আলোচনা চলবে। এরপর ধীরে ধীরে সবাই নিজ নিজ কাজে ব্যস্ত হয়ে পড়বে।'
রাজনীতিবিদ আজিজুর রহমান চৌধুরী বলেন, ‘আর্জেন্টিনা ফাইনালে হেরে গেছে ভাবতে খুব খারাপ লাগছে। অনেকে চেষ্টা করছি, ভুলে থাকতে কিন্তু পারছি না। প্রিয় খেলোয়াড় মেসির জন্য বেশী খারাপ লাগছে। হয়ত আরও কয়েকদিন স্মৃতি গেঁথে থাকবে।’
মিরসরাই উপজেলা নির্বাহী অফিসার সোমইয়া আক্তার বলেন, ‘আমি আর্জেন্টিনার সমর্থক ছিলাম। কিন্তু ফাইনালে তারা যা খেললো মেনে নেওয়ার মতো না। স্পেন অনেক ভালো খেলে চ্যাম্পিয়ন হয়েছে। এটা তাদের প্রাপ্য ছিল।’
উপজেলার বিভিন্ন এলাকার ফুটবলপ্রেমীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিশ্বকাপকে ঘিরে গত প্রায় দেড় মাস ধরে যে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছিল, ফাইনাল শেষে তা অনেকটাই স্তিমিত হয়ে গেছে। তবে প্রিয় দলের জয়-পরাজয়, স্মরণীয় গোল কিংবা বিতর্কিত মুহূর্ত নিয়ে আড্ডা চলবে আরও কিছুদিন।
এম মাঈন উদ্দিন/কেজে/এএসএম








