২০৩০ বিশ্বকাপে দলসংখ্যা ৬৪-এ বাড়ানোর সম্ভাব্য পরিকল্পনা নিয়ে ফিফার কড়া সমালোচনা করেছেন লা লিগার সভাপতি হাভিয়ের তেবাস। তাঁর অভিযোগ, মাত্র ৪০ দিনের একটি টুর্নামেন্টের জন্য বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা এমন সিদ্ধান্ত নিচ্ছে, যা দীর্ঘমেয়াদে পুরো ফুটবল শিল্প এবং ঘরোয়া লিগগুলোর জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে।
তেবাসের মতে, বিশ্বকাপ যতই গুরুত্বপূর্ণ হোক, পুরো ফুটবল শিল্পকে একটি স্বল্পমেয়াদি টুর্নামেন্টের জন্য ঝুঁকির মুখে ফেলা উচিত নয়। ইতালির ক্রীড়াভিত্তিক দৈনিক লা গাজেত্তা দেলো স্পোর্তকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘বিশ্বকাপ যতই গুরুত্বপূর্ণ হোক না কেন, ফুটবল শিল্প শুধু বিশ্বকাপকে ঘিরে নয়। মাত্র ৪০ দিনের একটি আসরের জন্য তারা পুরো ফুটবল শিল্পকে ধ্বংস করছে। অথচ এই শিল্পই হাজার হাজার মানুষের কর্মসংস্থান তৈরি করে, আর ওই টুর্নামেন্টে অংশ নেয় মাত্র অল্পসংখ্যক খেলোয়াড়।’
গত জুনে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে ইনফান্তিনো জানান, ২০৩০ সালে বিশ্বকাপের শতবর্ষ উপলক্ষে দলসংখ্যা ৬৪-এ বাড়ানোর সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে। ঐতিহাসিক সেই আসরের মূল আয়োজক হবে স্পেন, পর্তুগাল ও মরক্কো। পাশাপাশি শুরুর দিকের কিছু ম্যাচ অনুষ্ঠিত হবে আর্জেন্টিনা, উরুগুয়ে ও প্যারাগুয়েতে।
এই পরিকল্পনা নিয়ে উদ্বেগ জানিয়ে তেবাস বলেন, ‘প্রতিযোগিতার সূচি নিয়ে আমরা বারবার উদ্বেগ প্রকাশ করেছি। আর এখন তারা ৬৪ দলের বিশ্বকাপ আয়োজন করতে চায়। এই খেলাকে টিকিয়ে রাখে ঘরোয়া লিগগুলোই।’
ঘরোয়া ফুটবলের গুরুত্ব তুলে ধরে তেবাস আরও বলেন, ‘আমাদের আরও কম জাতীয় দলের ম্যাচ দরকার এবং সব পর্যায়ে ঘরোয়া ফুটবলের জন্য আরও ভালো সুরক্ষা নিশ্চিত করতে হবে। কিন্তু তারা বিষয়টি বুঝতে পারছে না এবং দায়িত্বজ্ঞানহীনভাবে সিদ্ধান্ত নিয়ে যাচ্ছে।’








