বিশ্বকাপ শেষ হতে না হতেই আবারও জমে উঠেছে ইউরোপের দলবদলের বাজার। বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে খেলেছেন এমন বেশ কয়েকজন তারকা ফুটবলারের ভবিষ্যৎ এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। কেউ বড় অংকের ট্রান্সফারের অপেক্ষায়, কেউ ইউরোপের শীর্ষ ক্লাবগুলোর নজরে, আবার কেউ ইতোমধ্যেই নিজের পরবর্তী গন্তব্য চূড়ান্ত করে ফেলেছেন।
বিশ্বকাপের পর ক্লাব ক্যারিয়ারের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন আর্জেন্টিনার বেশ কয়েকজন খেলোয়াড়। দলবদলের বাজারে তাই এবারও বড় ভূমিকা রাখতে চলেছে আলবিসেলেস্তেদের তারকারা।
বার্সেলোনায় খেলাই হুলিয়ান আলভারেজের স্বপ্ন
আর্জেন্টাইন ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজকে ঘিরে সবচেয়ে বেশি আলোচনা চলছে। কিছুদিন আগে রিয়াল মাদ্রিদের আগ্রহের খবর এলেও এখন মূল প্রতিযোগিতায় রয়েছে বার্সেলোনা। বিশ্বকাপ চলাকালেই নিজের ভবিষ্যৎ নিয়ে মুখ খুলেছিলেন আলভারেজ।
তিনি বলেন, ‘সত্যি বলতে আমি জানি না কী হবে! এখন এ বিষয়ে কথা বলার সঠিক সময় নয়। তবে বাস্তবতাও অস্বীকার করতে চাই না। ক্লাবের যাদের সঙ্গে কথা বলা প্রয়োজন ছিল, তাদের সঙ্গে আমি কথা বলেছি।’
এরপর আরও স্পষ্ট করে তিনি বলেন, ‘সব পক্ষের জন্যই ট্রান্সফারই সবচেয়ে ভালো হবে। আমি আমার স্বপ্ন পূরণ করতে চাই।’
জানা গেছে, সেই স্বপ্নের ক্লাব বার্সেলোনা। তবে আলভারেজকে ছাড়তে মোটেও রাজি নয় অ্যাতলেতিকো মাদ্রিদ। ক্লাবটির প্রধান নির্বাহী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ১০০ মিলিয়ন ইউরো নয়, এমনকি ১৫০ বা ২০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব এলেও তারা এই স্ট্রাইকারকে বিক্রি করবেন না। বর্তমানে ২০৩০ সাল পর্যন্ত আতলেতিকোর সঙ্গে চুক্তিবদ্ধ রয়েছেন তিনি।
টটেনহাম ছাড়তে পারেন ‘কুতি’ রোমেরো
দীর্ঘদিন ধরেই ক্রিশ্চিয়ান ‘কুটি’ রোমেরোর ক্লাব ছাড়ার গুঞ্জন শোনা যাচ্ছে। এবার সেটি বাস্তবে রূপ নিতে পারে বলেই ধারণা করা হচ্ছে। ২৮ বছর বয়সী এই ডিফেন্ডার নতুন চ্যালেঞ্জ খুঁজছেন। তাকে দলে ভেড়াতে আগ্রহ দেখিয়েছে বার্সেলোনা ও ইন্টার মিলান। ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোর তথ্য অনুযায়ী, দুই ক্লাবই সাবেক বিশ্বচ্যাম্পিয়ন এই ডিফেন্ডারকে দলে নেওয়ার ব্যাপারে গুরুত্ব সহকারে কাজ করছে।
এমিলিয়ানো মার্টিনেজকে ছাড়ছে না অ্যাস্টন ভিলা
বিশ্বকাপের আগে জুভেন্টাসে যাওয়ার গুঞ্জন ছিল গোলরক্ষক এমিলিয়ানো ‘দিবু’ মার্টিনেজকে ঘিরে। তবে সব জল্পনার অবসান ঘটিয়েছে অ্যাস্টন ভিলা। ক্লাবটির পরিচালন বিভাগের প্রধান দামিয়ান বিদাগানি জানিয়েছেন, ‘মার্টিনেজ আমাদের সঙ্গেই থাকবে। এই গ্রীষ্মে তাকে ছাড়ার কোনো পরিকল্পনা নেই। আগামী মৌসুমের প্রকল্পে সে অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়।’ ফলে ৩৩ বছর বয়সী এই গোলরক্ষক আপাতত ইংলিশ প্রিমিয়ার লিগেই থেকে যাচ্ছেন।
থিয়াগো আলমাদাকে নিয়ে রিভার-ফ্লামেঙ্গো লড়াই
থিয়াগো আলমাদাকে দলে ফেরাতে চেষ্টা চালিয়েছিল রিভার প্লেট। তবে ব্রাজিলিয়ান জায়ান্ট ফ্লামেঙ্গো অনেক বড় অঙ্কের প্রস্তাব নিয়ে মাঠে নেমেছে। খবর অনুযায়ী, আলমাদার প্রতিনিধিদের সঙ্গে ব্যক্তিগত শর্তে ইতোমধ্যেই সমঝোতায় পৌঁছেছে ফ্লামেঙ্গো। তার স্বত্বের অর্ধেক কিনতে প্রায় ৩০ মিলিয়ন ইউরোর প্রস্তাব প্রস্তুত করেছে তারা, যেখানে রিভার প্লেট দিতে চেয়েছিল প্রায় ২০ মিলিয়ন ইউরো।
যদিও শেষ সিদ্ধান্ত নির্ভর করবে আলমাদা ইউরোপ ছেড়ে আবার দক্ষিণ আমেরিকায় ফিরতে চান কি না, তার ওপর।
এনজো ফার্নান্দেজকে নিয়ে রিয়ালের গুঞ্জনের ইতি
দলবদলের বাজারে এনজো ফার্নান্দেজকে নিয়ে রিয়াল মাদ্রিদের আগ্রহের খবর বেশ জোরেশোরেই ছড়িয়েছিল। তবে সেই গুঞ্জন উড়িয়ে দিয়েছে স্প্যানিশ জায়ান্টরা।
তবে ইউরোপের অন্য শীর্ষ ক্লাবগুলোর আগ্রহ কমেনি। ফরাসি সংবাদমাধ্যম লেকিপ জানিয়েছে, ২০২৬-২৭ মৌসুমের জন্য মাঝমাঠ শক্তিশালী করতে এনজোকে আবারও অগ্রাধিকার তালিকায় রেখেছে পিএসজি। অন্যদিকে চেলসির অবস্থান পরিষ্কার। ২০৩২ সাল পর্যন্ত চুক্তিবদ্ধ এই মিডফিল্ডারকে ছাড়ার কোনো ইচ্ছা নেই তাদের।
যাদের ভবিষ্যৎ ইতোমধ্যেই নিশ্চিত
কোমোতেই থাকছেন নিকো পাজ
তরুণ মিডফিল্ডার নিকোলাস (নিকো) পাজ সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, আরও এক মৌসুম ইতালির কোমোতেই থাকবেন। তার ভাষায়, ‘অনেক ভেবে আমি সিদ্ধান্ত নিয়েছি, আমার ক্যারিয়ারের জন্য এখন সবচেয়ে ভালো সিদ্ধান্ত হলো আরও এক বছর কোমোতে থাকা। আমার বিশ্বাস, এটি আমার এবং রিয়াল মাদ্রিদ- দুই পক্ষের জন্যই সেরা সিদ্ধান্ত।’
চেলসিতে ভ্যালেন্তিন বার্কো
ফরাসি ক্লাব রেসিং স্ট্রাসবুর্গ ছেড়ে চেলসিতে যোগ দিয়েছেন ভ্যালেন্তিন বার্কো। দুটি ক্লাবই একই মালিকানাধীন গ্রুপের অধীনে। বিদায়বার্তায় তিনি লিখেছিলেন, ‘অনেক স্বপ্ন নিয়ে এই ক্লাবে এসেছিলাম। প্রতিটি ম্যাচে এই জার্সির জন্য নিজের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছি।’ স্ট্রাসবুর্গের হয়ে তিনি ৫৮ ম্যাচে ৩ গোল ও ১১টি অ্যাসিস্ট করেন।
টটেনহামে মার্কোস সেনেসি
বোর্নমাউথ ছেড়ে টটেনহামে যোগ দেওয়ার বিষয়টি চূড়ান্ত করেছেন মার্কোস সেনেসি। তবে ক্রিশ্চিয়ান রোমেরো ক্লাব ছাড়লে দুই আর্জেন্টাইন ডিফেন্ডারের একসঙ্গে খেলার সম্ভাবনা নাও থাকতে পারে।
রিভার প্লেটে ফিরলেন ওতামেন্দি
আর্জেন্টিনা জাতীয় দলের অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দিও নিজের ভবিষ্যৎ ঠিক করে ফেলেছেন। বেনফিকা ছেড়ে ডিসেম্বর ২০২৭ পর্যন্ত রিভার প্লেটের সঙ্গে চুক্তি করেছেন তিনি। চুক্তি স্বাক্ষরের পর আবেগাপ্লুত ওতামেন্দি বলেন, ‘এটাই ছিল আমার আজীবনের স্বপ্ন।’
বিশ্বকাপটি সম্ভবত জাতীয় দলের জার্সিতে তার শেষ বড় টুর্নামেন্ট। এবার শৈশবের প্রিয় ক্লাব রিভার প্লেটে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন এই অভিজ্ঞ ডিফেন্ডার।
আইএইচএস/








