স্পেনের কাছে বিশ্বকাপ ফাইনালে হারের পর আর্জেন্টিনার খেলার ধরন নিয়ে তীব্র সমালোচনা করেছেন ইংল্যান্ডের সাবেক ডিফেন্ডার গ্যারি নেভিল। বিশ্বকাপ ফাইনালের ম্যাচটি বিশ্লেষণ করতে গিয়ে লিওনেল স্কালোনির দলের কৌশল নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক এই ফুটবলার।

দ্য ওভারল্যাপ অনুষ্ঠানে রয় কিন ও ইয়ান রাইটের সঙ্গে ফাইনালে স্পেনের বিপক্ষে আর্জেন্টিনার পারফরম্যান্স নিয়ে আলোচনা করতে গিয়ে নেভিল বলেন, সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা অত্যন্ত বাজে খেলেছে।

নেভিল বলেন, ‘পরিষ্কার করে বলি, তারা ম্যাচে খুবই জঘন্য খেলেছে। তবে এতক্ষণ পর্যন্ত ম্যাচে টিকে থাকতে পেরেছে, এজন্য তাদের কৃতিত্ব দিতেই হবে। ভালো করেছে। কিন্তু তাদের খেলা ছিল ভীষণ বাজে।’

তিনি আরও বলেন, ‘কখনো কখনো যদি কোনো জিনিস দেখতে বাজে লাগে আর গন্ধও বাজে হয়, তবে সেটা আসলেই বাজে জিনিস। আমরা যেটা দেখলাম, সেটা আসলেই একটা ভীষণ বাজে পারফরম্যান্স ছিল। আর ওরা মাঝে মাঝে খারাপ খেলে ঠিকই, কিন্তু ওদের মধ্যে দারুণ কেমিস্ট্রি আর জয়ের মারাত্মক জেদ আছে, যা ওদের উতরে দেয়।’

এছাড়া মেসির দিকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘আর সামনে তাদের একজন অবিশ্বাস্য ফুটবলার (লিওনেল মেসি) রয়েছে, যে শেষ পর্যন্ত দলকে জয় এনে দেয়। আমি আগের বিশ্বকাপেও বলেছিলাম, মেসি না থাকলে এই দলটির সেমিফাইনালে ওঠাও কঠিন হতো।’

তবে রয় কিন আর্জেন্টিনার প্রতি এতটা কঠোর ছিলেন না। বরং ফাইনালে স্পেনের বিপক্ষে তাদের আক্রমণাত্মক ও লড়াকু খেলার ধরনকে কিছুটা সমর্থন করেন তিনি।

ইয়ান রাইটকে উদ্দেশ্য করে সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড অধিনায়ক বলেন, ‘আমার মনে হয় তুমি আর্জেন্টিনার প্রতি যথেষ্ট অসম্মান দেখাচ্ছ। জিততে হলে কখনো কখনো ভিন্ন পথ বেছে নিতে হয়। তোমার সেটা ভালো নাও লাগতে পারে, কিন্তু তাদের জন্য কি অন্তত একটু হলেও শ্রদ্ধা নেই?’

সাবেক আর্সেনাল স্ট্রাইকার ইয়ান রাইট বলেন, আর্জেন্টিনা ছিল ‘খুবই উসকানিমূলক’, তবে শেষ ষোলোতে মিশরের বিপক্ষে তাদের অবিশ্বাস্য প্রত্যাবর্তনের মতো কীর্তির জন্য তিনি দলটিকে সম্মান করেন।

ফাইনালে আর্জেন্টিনার খেলার ধরন এবং শেষ বাঁশি বাজার পর ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনাগুলোর কারণে ইতোমধ্যে দলটি বহু বিশ্লেষকের সমালোচনার মুখে পড়েছে।

ইংল্যান্ডের সাবেক গোলরক্ষক জো হার্ট বিবিসিতে আর্জেন্টিনার আচরণকে ‘ঘৃণ্য’ বলে মন্তব্য করেন। অন্যদিকে ওয়েইন রুনি বলেন, ম্যাচ শেষে সংঘর্ষের ঘটনাগুলো, যেখানে লিয়ান্দ্রো পারেদেস স্পেনের এরিক গার্সিয়ার গলা চেপে ধরেন, এগুলো ছিল ‘খুবই নিম্নমানের’ আচরণ।

বিবিসির আরেক বিশ্লেষক মাইকা রিচার্ডসও সহকর্মীদের মতের সঙ্গে একমত পোষণ করেন এবং বিশেষভাবে পারেদেসের সমালোচনা করেন।

তিনি বলেন, ‘পারেদেসের এমনটা করার কোনো প্রয়োজন ছিল না। সে এর চেয়ে ভালো ফুটবলার। কিন্তু ঘটনা সেখানেই থেমে থাকছে না, এটা চলছেই, চলছেই এবং চলছেই। হারলে হতাশা আসতেই পারে, আমরা সবাই সেটা জানি। কিন্তু এ ধরনের আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি মোটেও ভালো উদাহরণ নয়।’

আরএএইচইউএল/এমএমআর