২০২৬ বিশ্বকাপ জয়ের পর দেশে ফিরে উচ্ছ্বাসে ভাসছে স্পেন জাতীয় দল। মাদ্রিদের রাস্তায় প্রায় ২০ লাখেরও বেশি সমর্থক বিশ্বচ্যাম্পিয়নদের অভিনন্দন জানাতে জড়ো হন। শহরজুড়ে বিজয় মিছিল শেষে সিবেলেস স্কয়ারে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে ঘটে যায় এক বিতর্কিত ঘটনা।

মঞ্চে একে একে খেলোয়াড়দের ডাকার সময় স্পেনের উইঙ্গার ইয়েরেমি পিনোকে পরিচয় করিয়ে দিতে গিয়ে উপস্থাপক ক্রিশ্চিয়ানো রোনালদোকে উদ্দেশ্য করে কটাক্ষ করেন।

তিনি বলেন, ‘ওকে অনেকে ক্রিশ্চিয়ানো রোনালদো বলে ডাকতো। কিন্তু এই মানুষটি বিশ্বকাপ জিতেছে। কনফারেন্স লিগজয়ী, আমাদের বিশ্বচ্যাম্পিয়ন-ইয়েরেমি পিনো!’

এই মন্তব্যের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়। অনেকেই এটিকে রোনালদোর প্রতি অপ্রয়োজনীয় উসকানি ও অসম্মানজনক মন্তব্য বলে সমালোচনা করেন। আবার কেউ কেউ এটিকে বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে করা একটি রসিকতা হিসেবে দেখছেন।

উল্লেখ্য, ক্রিশ্চিয়ানো রোনালদো তার বর্ণাঢ্য ক্যারিয়ারে ইউরো, নেশনস লিগ, চ্যাম্পিয়ন্স লিগ ও অসংখ্য ব্যক্তিগত পুরস্কার জিতলেও বিশ্বকাপ শিরোপা কখনো জেতেননি। অন্যদিকে, ২০২৬ সালে স্পেনের হয়ে বিশ্বকাপ জয় করে সেই সাফল্যের অংশ হন ইয়েরেমি পিনো।

আরআর/এমএমআর