২০২৬ বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে শিরোপা জয়ের আনন্দে ভাসছে স্পেন। মাদ্রিদে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে শুধু ট্রফি উদযাপনই নয়, আর্জেন্টিনাকে উদ্দেশ্য করে একাধিক খোঁচাও দিতে দেখা গেছে স্প্যানিশ ফুটবলারদের। বিশেষ করে লিয়ান্দ্রো পারেদেসকে নিয়ে করা একটি ব্যঙ্গাত্মক ব্যানার এবং মার্ক কুকুরেয়ার কণ্ঠে আর্জেন্টাইন শিল্পীদের গান আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে।
স্পেনের বিজয় উদযাপনের শোভাযাত্রায় ফাবিয়ান রুইজ ও লামিনে ইয়ামাল একটি কার্ডবোর্ড ব্যানার হাতে ছিলেন। সেখানে লেখা ছিল, ‘Evening of the Year VII: Paredes vs Gavi’— যেন পারেদেস ও গাভির মধ্যে একটি বক্সিং ম্যাচ আয়োজনের ঘোষণা। ব্যানারটি দেখিয়ে ইয়ামাল হাসতে হাসতে ‘সি য়্যু, সি য়্যু’ বলে বিদায় জানান পারেদেসকে। ফাইনালের শেষ বাঁশি বাজার পর দুজনের উত্তপ্ত সংঘর্ষের ঘটনাকেই ব্যঙ্গ করে এই বার্তা দেওয়া হয়।
ম্যাচ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই মাঠে উত্তেজনা ছড়িয়ে পড়ে। টেলিভিশন ক্যামেরায় দেখা যায়, স্পেনের এরিক গার্সিয়া কয়েকজন সতীর্থকে নিয়ে সেন্টার সার্কেলে তর্কে জড়িয়ে পড়েছেন। কিছুক্ষণের মধ্যেই সেখানে পৌঁছে পারেদেস গার্সিয়ার গলা চেপে ধরেন, যদিও কাছেই একজন সহকারী রেফারি উপস্থিত ছিলেন।
পরিস্থিতি উত্তপ্ত হতে দেখে দ্রুত এগিয়ে আসেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি এবং সহকারী ওয়াল্টার স্যামুয়েল। এ সময় গাভিও পারেদেসের দিকে তেড়ে যান। মাঝখানে থাকা থিয়াগো আলমাদাকে সরিয়ে দিয়ে পারেদেস গাভির জার্সি ধরে তাকে মাটিতে ফেলে দেন।
শেষ পর্যন্ত বড় ধরনের সংঘর্ষ এড়ানো গেলেও ঘটনাটি রেফারি স্লাভকো ভিনচিচ তার প্রতিবেদনে উল্লেখ করেন। ম্যাচ শেষ হওয়ার পর পারেদেসকে লাল কার্ড দেখানো হয়।
স্পেনের উদযাপনের আরেকটি আকর্ষণ ছিলেন মার্ক কুকুরেয়া। মঞ্চে ওঠার সময় তিনি বেছে নেন আর্জেন্টাইন র্যাপ তারকা ডুকি এবং প্রযোজক বিজার্পের জনপ্রিয় গান ‘ম্যালবেক।’
গানের অংশ গেয়ে তিনি উচ্ছ্বাস প্রকাশ করেন, ‘আমি শহরে পৌঁছাতেই সবাই আমাকে বসের মতো স্বাগত জানিয়েছিল। আজ আমরা উদযাপন করছি, আমার দল চ্যাম্পিয়ন হয়েছে। পার্টির ভেতরে, রাস্তায় — সবখানেই আমার কণ্ঠ শোনা যাচ্ছে।’
আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপ জয়ের পর আর্জেন্টাইন শিল্পীদের গান গেয়ে কুকুরেয়ার এই উদযাপনও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
আরআর/আইএন








