২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালের পর দর্শকদের চমকে দিয়ে টেলিভিশন বিশ্লেষক (পান্ডিত) হিসেবে নিজের সংক্ষিপ্ত ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দিলেন সুইডেনের কিংবদন্তি ফুটবলার জ্লাতান ইব্রাহিমোভিচ।
বিশ্বকাপ ফাইনালে ১-০ গোলে আর্জেন্টিনাকে হারিয়ে স্পেনের দ্বিতীয়বার বিশ্বকাপ শিরোপা জয়ের ম্যাচ শেষে ফক্স স্পোর্টসের স্টুডিওতে আবেগঘন বিদায়বার্তা দেন সাবেক এই তারকা স্ট্রাইকার। তিনি জানান, বিশ্বকাপজুড়ে স্টুডিওতে কাটানো সময়টিই ছিল তার প্রথম এবং শেষ ধারাভাষ্যকার জীবনের অভিজ্ঞতা।
দুইবারের বিশ্বকাপ খেলোয়াড় ইব্রাহিমোভিচ এ বছর নতুন এক ভূমিকায় দেখা দেন। প্রথমবারের মতো টেলিভিশন বিশ্লেষক হিসেবে যুক্ত হন ফক্স স্পোর্টসের বিশ্বকাপ সম্প্রচারে। স্টুডিওতে তার সঙ্গী ছিলেন জনপ্রিয় উপস্থাপক রেবেকা লো, ফ্রান্সের কিংবদন্তি থিয়েরি অঁরি এবং যুক্তরাষ্ট্রের সাবেক ফুটবলার অ্যালেক্সি লালাস।
ফাইনাল শেষে বিদায় বক্তব্যে জ্লাতান বলেন, ‘েগত দেড় মাস ধরে অনেক কথা বলেছি। তাই এটাই হবে আমার শেষ কথা।’
তিনি আরও বলেন, ‘আমি আমেরিকাকে ধন্যবাদ জানাতে চাই। পর্দার আড়ালে যারা কাজ করেছেন, তাদের সবাইকেও ধন্যবাদ। থিয়েরির মতো সবার নাম আমার মনে নেই।’
দর্শকদের উদ্দেশে তিনি বলেন, ‘আমার যেমন ভালো লেগেছে, আশা করি আমেরিকার দর্শকরাও এই অভিজ্ঞতা উপভোগ করেছেন। আর স্টুডিওর জন্য এটিই আমার বিদায়।’
তার এমন ঘোষণার পর উপস্থাপক রেবেকা লো জানতে চান, তিনি কি সত্যিই স্থায়ীভাবে বিদায় নিচ্ছেন? উত্তরে ইব্রাহিমোভিচ স্পষ্ট ভাষায় বলেন, ‘এটাই ছিল আমার প্রথম এবং শেষবার। সবাই ভালো থাকবেন।’
দীর্ঘ ২৪ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারে সুইডেনের হয়ে ১২২টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ইব্রাহিমোভিচ। দেশের ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার হিসেবে পরিচিত এই স্ট্রাইকার দুটি বিশ্বকাপেও প্রতিনিধিত্ব করেছেন সুইডেনকে।
যদিও টেলিভিশনে বিশ্লেষকের ভূমিকায় এটি ছিল তার প্রথম অভিজ্ঞতা, তবুও বিশ্বকাপজুড়ে নিজের খোলামেলা মন্তব্য, তীক্ষ্ণ বিশ্লেষণ এবং স্বভাবসুলভ রসিকতায় দর্শকদের মন জয় করেন জ্লাতান।
তবে সেই নতুন যাত্রা আর দীর্ঘায়িত হচ্ছে না। বিশ্বকাপ ফাইনালের পরই স্টুডিওকে বিদায় জানিয়ে বিশ্লেষকের ভূমিকায় নিজের অধ্যায়ের সমাপ্তি টানলেন ফুটবল বিশ্বের অন্যতম ক্যারিশমাটিক এই কিংবদন্তি।
আইএইচএস/







