বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে শক্তিশালী দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। চোট কাটিয়ে দলে ফিরেছেন নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স, পেসার জশ হ্যাজলউড এবং অভিজ্ঞ অফ-স্পিনার নাথান লায়ন। ফলে পূর্ণ শক্তির দল নিয়েই টাইগারদের বিপক্ষে মাঠে নামছে স্বাগতিকরা।

আগামী ১৩ আগস্ট ডারউইনে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। দ্বিতীয় ও শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে ২২ আগস্ট ম্যাকাইয়ে। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের এই সিরিজটি ২০০৩ সালের পর অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের প্রথম টেস্ট সফর।

ইনজুরির কারণে দীর্ঘ সময় মাঠের বাইরে ছিলেন অধিনায়ক প্যাট কামিন্স। একইভাবে হ্যামস্ট্রিংয়ের চোট কাটিয়ে ফিরেছেন স্পিনার নাথান লায়ন। অন্যদিকে গোড়ালির চোট থেকে সেরে উঠেছেন জশ হ্যাজলউডও। তিন অভিজ্ঞ ক্রিকেটারের প্রত্যাবর্তনে অস্ট্রেলিয়ার বোলিং আক্রমণ আগের চেয়ে আরও ভয়ংকর হয়ে উঠেছে।

বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার টেস্ট স্কোয়াড:

প্যাট কামিন্স (অধিনায়ক), ট্রাভিস হেড, স্টিভ স্মিথ, মার্নাস লাবুশেন, জ্যাক ওয়েদারল্ড, ক্যামেরন গ্রিন, বো ওয়েবস্টার, অ্যালেক্স কেয়ারি (উইকেটকিপার), জশ ইংলিস (উইকেটকিপার), মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড, স্কট বোল্যান্ড ও নাথান লায়ন।

এসকেডি/আইএন