চোট, অস্ত্রোপচার আর দীর্ঘ পুনর্বাসনের অধ্যায় শেষ করে অবশেষে পূর্ণ শক্তির স্কোয়াডে ফিরেছে অস্ট্রেলিয়া। আগামী মাসে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৩ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। দলে ফিরেছেন অধিনায়ক প্যাট কামিন্স, পেসার জশ হ্যাজলউড এবং অভিজ্ঞ অফ স্পিনার নাথান লায়ন।

তিনজনের প্রত্যাবর্তনে অস্ট্রেলিয়ার বোলিং আক্রমণ আবারও পেয়েছে চেনা রূপ। গত অ্যাশেজে চোটের কারণে কামিন্স, হ্যাজলউড ও লায়নকে নিয়মিত পাওয়া যায়নি। এবার তাদের সঙ্গে আছেন মিচেল স্টার্ক। ফলে বাংলাদেশের ব্যাটিংয়ের সামনে বিশ্বের অন্যতম শক্তিশালী পেস-স্পিন আক্রমণ নিয়ে মাঠে নামবে স্বাগতিকরা।

হ্যাজলউড হ্যামস্ট্রিংয়ের চোট থেকে ফেরার পথে অ্যাকিলিসের সমস্যায় পড়ে পুরো অ্যাশেজই খেলতে পারেননি। অন্যদিকে অ্যাডিলেড টেস্টে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে অস্ত্রোপচার করাতে হয়েছিল লায়নকে। পিঠের নিচের অংশের চোট থেকে সেরে উঠে কামিন্স অ্যাডিলেড টেস্টে ফিরলেও অ্যাশেজ নিশ্চিত হওয়ার পর শেষ দুই ম্যাচে তাকে বিশ্রাম দেওয়া হয়। টি-টোয়েন্টি বিশ্বকাপেও খেলতে পারেননি কামিন্স ও হ্যাজলউড। পরে দুজনই আইপিএলে মাঠে ফেরেন।

মূল বোলিং আক্রমণ ফিরে আসায় জায়গা হারিয়েছেন মাইকেল নেসার ও ব্রেন্ডন ডগেট। তবে দুজনকেই স্ট্যান্ডবাই তালিকায় রাখা হয়েছে। সেই তালিকায় আছেন অফ স্পিনার টড মারফিও।

অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক জর্জ বেইলি বলেছেন, কামিন্স, হ্যাজলউড ও লায়নের প্রত্যাবর্তনের অপেক্ষায় ছিল জাতীয় নির্বাচক প্যানেল। গত কয়েক মাস ধরে তিনজনই চিকিৎসক ও স্পোর্টস সায়েন্স দলের তত্ত্বাবধানে কঠোর পরিশ্রম করে মাঠে ফেরার জন্য নিজেদের প্রস্তুত করেছেন। ১৩ সদস্যের দল ঘোষণা করা হলেও সিরিজ শুরুর আগে প্রয়োজন হলে স্ট্যান্ডবাই ক্রিকেটারদেরও দলে অন্তর্ভুক্ত করা হবে বলে জানান তিনি।

ব্যাটিং বিভাগে বড় কোনো পরিবর্তন আনেনি অস্ট্রেলিয়া। অ্যাশেজে অভিষেক হওয়া জেক ওয়েদারাল্ডের ওপর আস্থা রেখেছে নির্বাচকরা। ট্রাভিস হেডের সঙ্গে আবারও ইনিংস উদ্বোধনের সম্ভাবনা রয়েছে তাঁর। অ্যাশেজে ধারাবাহিক হতে না পারলেও তিন নম্বরে জায়গা ধরে রেখেছেন মারনাস লাবুশেন। অভিজ্ঞ স্টিভ স্মিথ থাকবেন চার নম্বরে।

মিডল অর্ডারে ক্যামেরন গ্রিন ও বো ওয়েবস্টারের মধ্যে সমন্বয় নিয়েও ভাবছে দল। উইকেটরক্ষকের দায়িত্বে থাকবেন অ্যালেক্স ক্যারি, আর অতিরিক্ত কিপার-ব্যাটার হিসেবে স্কোয়াডে আছেন জশ ইংলিস। পেস বিভাগে মূল তিন বোলারের পাশাপাশি বিকল্প হিসেবে রাখা হয়েছে স্কট বোল্যান্ডকে, যিনি অ্যাশেজে সুযোগ পেয়ে দারুণ পারফরম্যান্স করেছিলেন।

বাংলাদেশের বিপক্ষে এই দুই ম্যাচ হবে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। প্রথম টেস্ট ১৩ আগস্ট ডারউইনে, দ্বিতীয়টি শুরু হবে ২২ আগস্ট ম্যাকাইয়ে। ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নামবে বাংলাদেশ।

বর্তমানে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া। আট ম্যাচে সাত জয় নিয়ে তাদের পয়েন্ট শতাংশ ৮৭.৫০। অন্যদিকে সিরিজ শুরুর এখনও কিছুদিন বাকি থাকলেও বাংলাদেশ এখনো নিজেদের টেস্ট দল ঘোষণা করেনি।

অস্ট্রেলিয়ার টেস্ট দল: প্যাট কামিন্স (অধিনায়ক), স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, মারনাস লাবুশেন, নাথান লায়ন, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, জেক ওয়েদারাল্ড ও বো ওয়েবস্টার।