২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে আর্জেন্টিনার হৃদয়ভাঙা পরাজয়ের পর আবেগঘন এক বার্তায় জাতীয় দলে নিজের ভবিষ্যৎ নিয়ে বড় ইঙ্গিত দিলেন গোলরক্ষক এমিলিয়ানো ‘দিবু’ মার্তিনেজ। ইনস্টাগ্রামে প্রকাশিত পোস্টে তিনি স্বীকার করেছেন, এই পরাজয়ের কষ্ট ভাষায় প্রকাশ করা কঠিন এবং এখন সময় এসেছে নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবার।
বিশ্বকাপজুড়ে দুর্দান্ত পারফরম্যান্সের পর ফাইনালেও একের পর এক অসাধারণ সেভ করেছিলেন দিবু। তবে অতিরিক্ত সময়ে ফেররান তোরেসের একমাত্র গোলে শিরোপা হাতছাড়া হয় আর্জেন্টিনার।
কয়েক ঘণ্টা নীরব থাকার পর, বুয়েনস আইরেসে ফিরে সমর্থকদের ভালোবাসা পাওয়ার পর নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লেখেন, ‘আমি স্বপ্ন দেখেছিলাম আমরা আবারও বিশ্বকাপ জিতব। আমি স্বপ্ন দেখেছিলাম ট্রফিটা আবার আর্জেন্টিনায় নিয়ে এসে নতুন ইতিহাস গড়ব।’
এরপরই আসে সেই লাইন, যা আর্জেন্টাইন সমর্থকদের উদ্বিগ্ন করে তুলেছে। এমিলিয়ানো মার্টিনেজ বলেন, ‘সত্যি বলতে, এই কষ্ট ভাষায় প্রকাশ করা কঠিন। এখন অনেক কিছু নিয়ে ভাবতে হবে-কীভাবে সামনে এগোব এবং হয়তো সময় এসেছে কি না সরে দাঁড়ানোর।’
এই মন্তব্যের মাধ্যমে ৩৩ বছর বয়সী এই গোলরক্ষক প্রথমবারের মতো জাতীয় দলে নিজের ভবিষ্যৎ নিয়ে প্রকাশ্যে সন্দেহ প্রকাশ করলেন।
পোস্টের শেষ অংশে দিবু আর্জেন্টাইন সমর্থকদের কাছে ক্ষমাও চান, ‘আমি সত্যিই দুঃখিত। আমার দেশ এবং আমার সতীর্থদের সাহায্য করার জন্য আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি।’
তার পোস্টে ছিল কয়েকটি আবেগঘন ছবি-রানার্সআপ পদকে চুমু খাওয়া এবং ফাইনাল হারের পর অশ্রুসিক্ত হওয়ার মুহূর্ত।
২০২১ সালের জুনে চিলির বিপক্ষে অভিষেকের পর থেকে এমিলিয়ানো মার্তিনেজ শুধু একজন নির্ভরযোগ্য গোলরক্ষকই নন, বরং দলের অন্যতম নেতা ও অনুপ্রেরণার উৎস হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। ২০২২ বিশ্বকাপ, কোপা আমেরিকা এবং অন্যান্য শিরোপা জয়ে তার অবদান ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তবে তার এই পোস্ট অবসরের আনুষ্ঠানিক ঘোষণা নয়। বরং বিশ্বকাপ ফাইনালের তীব্র হতাশার পর নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবছেন-এমন ইঙ্গিতই দিয়েছেন তিনি। এখন এমিলিয়ানো শেষ পর্যন্ত জাতীয় দলে খেলা চালিয়ে যাবেন কি না, সেটাই দেখার।
আরআর/এমএমআর








