এক মাসের ব্যবধানে প্রকাশিত হয়েছে ‘কোক স্টুডিও বাংলা’র চতুর্থ সিজনের দ্বিতীয় গান ‘মেঘ’। বর্ষার আবহে তৈরি এই গান নিয়ে শ্রোতাদের প্রত্যাশা ছিল অনেক। তবে প্রকাশের পর গানটি নিয়ে শুরু হয় আলোচনা-সমালোচনা। রবীন্দ্রনাথ ঠাকুরের ‘সোনার তরী’ কবিতাকে নতুন আঙ্গিকে উপস্থাপন করার বিষয়টি অনেকের পছন্দ হয়নি।

অর্ণব ও সুনিধি নায়েক

অর্ণবের সংগীতায়োজনে প্রকাশিত কোক স্টুডিও বাংলার ‘মেঘ’ গানটিতে কণ্ঠ দিয়েছেন মোহাম্মদ শোয়েব, মাশা ইসলাম ও মৌসুমী দত্ত। শাস্ত্রীয় সংগীতের সঙ্গে আধুনিক সাউন্ড ও হিপহপ ঘরানার গানটি বানানো হলেও তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

ইউটিউবের মন্তব্যের ঘর থেকে শুরু করে ফেসবুক—সবখানেই গানটির সমালোচনা করেছেন মানুষ। কেউ বলেছেন, গানটি প্রত্যাশা পূরণ করতে পারেনি, আবার কেউ মনে করছেন, ‘সোনার তরী’ অংশটি বাদ দিলে গানটি আরও উপভোগ্য হতে পারত। অনেকে আরও কঠোর ভাষায় হতাশা প্রকাশ করেছেন। সবার সমালোচনায় কোনো কথা বলছেন না অর্ণব, তবে তাঁর হয়ে কথা বললেন সংগীতশিল্পী স্ত্রী সুনিধি নায়েক। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি শিল্পীর প্রতি সম্মান ও সহনশীলতার আহ্বান জানিয়েছেন।

শাকিবের ‘রকস্টার’ থেকে আলোচনায় সুনিধি, ছবিতে জেনে নিতে পারেন কলকাতার এই গায়িকাকে

সুনিধি নায়েক ফেসবুকে লিখেছেন, ‘একজন শিল্পীও একজন মানুষ। তাঁর প্রতিটি সৃষ্টি যে সবার ভালো লাগবে, এমন কোনো নিয়ম নেই। কিছু গান হৃদয়ে গেঁথে যায়, কিছু গান হয়তো ছুঁয়ে যেতে পারে না। এটাই শিল্পের স্বাভাবিক নিয়তি। তাই কাজের সমালোচনা করুন, কিন্তু শিল্পীকে ব্যক্তিগতভাবে আঘাত করবেন না। ’

অর্ণব ও সুনিধি

অর্ণবের দীর্ঘ সংগীতজীবনের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, ‘মাঝে মাঝে’, ‘আধেক ঘুমে’, ‘কান পেতে রই’, ‘মেঘ বলেছে যাবো’, ‘প্রচণ্ড গর্জনে’সহ অনেক জনপ্রিয় গান শ্রোতাদের উপহার দিয়েছেন অর্ণব। সুনিধি বললেন, ‘হ্যাঁ, তাঁর (অর্ণব) সব গান সমান ভালো হয়নি, হবেও না। কারণ, তিনি মানুষ, যন্ত্র নন। একজন শিল্পী কখনোই শুধু তাঁর সেরা কাজ দিয়ে বেঁচে থাকেন না। তাঁর ব্যর্থতাগুলোও তাঁর যাত্রারই অংশ। কিন্তু আমরা যদি প্রতিটি অপছন্দের কাজের জন্য তাঁকে ব্যক্তিগতভাবে অপমান করি, বিদ্রূপ করি, তাহলে একদিন সেই শিল্পী আর নতুন কিছু সৃষ্টি করার সাহসই পাবেন না। তারপর একদিন, যখন তিনি নীরব হয়ে যাবেন, যখন নতুন গান আর আসবে না, তখন আবার আমরাই দীর্ঘশ্বাস ফেলে বলব, শিল্পীটা হারিয়ে গেল কেন?’

ভিডিওটি দেখে খুশি হয়েছি, সাক্ষাৎকারে ‘মহাজাদু’ গায়িকা

সুনিধি জানালেন, ‘হারিয়ে যায় না শিল্পীরা। আমরা আমাদের নির্মমতা দিয়ে তাঁদের হারিয়ে দিই।’ তিনি বললেন, ‘সমালোচনা করুন, কিন্তু সম্মানটুকু অটুট রাখুন। কারণ, একজন শিল্পী কোনো দেবতা নন, তিনি আমাদেরই মতো একজন মানুষ, যারও অনুভূতি আছে, কষ্ট আছে আর আছে ভালোবাসা দিয়ে সৃষ্টি করে যাওয়ার স্বপ্ন।’

গত ২৮ জুন প্রকাশিত ‘মেঘ’ গানটি নিয়ে বিতর্ক ও সমালোচনা অব্যাহত থাকলেও শিল্পীর প্রতি সম্মান বজায় রাখার আহ্বান জানিয়েছেন সুনিধি। তাঁর এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।