পাশাপাশি বসে আছেন বর-কনে আমির খান ও গৌরি স্প্র্যাট। তাদের মাঝে বসেছে গৌরির আগের সংসারের ৬ বছরের পুত্র। আমির খানের ঠিক পেছনে বসে আছেন তার পুত্র জুনাইদ ও কন্যা ইরা খান। আমির খান বিয়ের শপথবাক্য পাঠ করার সঙ্গে সঙ্গে সমস্বরে চিৎকার করে উঠেন আগত অতিথিরা। তারপর গৌরির ডান হাতে চুম্বন করেন আমির খান।
পরের দৃশ্যে দেখা যায়, নবদম্পতি আমির খান ও গৌরি একসঙ্গে নাচছেন। উল্লাস করছেন উপস্থিত অতিথিরা। তাদের কেউ কেউ নবদম্পতির সঙ্গে নাচেও শরিক হয়েছেন। ভারতের প্রাক্তন ক্রিকেটার ইরফান পাঠান তার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন, তাতে এমন দৃশ্য দেখা যায়। ভিডিওটি মূলত, আমির-গৌরির বিয়ের সময়ে ধারণ করা। ভিডিওটি পোস্ট করে আমির খান ও গৌরিকে অভিবাদ জানিয়েছেন ক্রিকেট মাঠের এই তারকা; যা এখন অন্তর্জালে ভাইরাল। ইরফান পাঠানের মতো নেটিজেনরাও আমির-গৌরিকে অভিনন্দন জানাচ্ছেন।
ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে জানিয়েছে, পূর্ব নির্ধারিত তারিখ অনুযায়ী, রবিবার (৫ জুলাই) দুপুরে মুম্বাইয়ের বান্দ্রায় আমির খানের বাড়িতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন আমির খান ও গৌরি স্প্র্যাট। দুপুর ১২টা ৪৫ মিনিটে কাবিননামায় স্বাক্ষর করেন তারা। দুই পরিবারের কাছের মানুষদের উপস্থিতিতে আইনি বিয়ে সারেন এই যুগল। এর মধ্য দিয়ে জীবনের নতুন অধ্যায়ের সূচনা করেন তারা।
কোন রীতিতে বিয়ে? আমির খান ও গৌরি স্প্র্যাট—দুজন দুই ধর্মের অনুসারী। তাদের বিয়ে ‘স্পেশাল ম্যারেজ অ্যাক্ট’-এর অধীনে হয়েছে। অর্থাৎ, ধর্মীয় আচার-অনুষ্ঠানের বদলে আইনি পদ্ধতিতে বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা। এর আগে ভ্যারাইটি ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে আমির খান বলেছিলেন, “বিয়েটি খুবই ব্যক্তিগত আয়োজনে হবে। আমার বাড়িতে খুব সাধারণ আয়োজনে রেজিস্ট্রি বিয়ে হবে। বিয়েতে দুই পরিবারের সদস্যরা এবং খুব ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত থাকবেন।” আমির খান তার পরিকল্পনা অনুযায়ী বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন।
গৌরি-আমিরের বয়সের ব্যববধান ১৯৬৫ সালের ১৪ মার্চ তৎকালীন বোম্বেতে (মুম্বাই) তাহির হোসেন-জিনাত হোসেন দম্পতির ঘর আলো করে জন্ম নেন আমির খান। গত ১৪ মার্চ একষট্টি পূর্ণ করে বাষট্টিতে পা দিয়েছেন মিস্টার পারফেকশনিস্ট। অন্যদিকে, ১৯৭৮ সালের ২১ আগস্ট জন্মগ্রহণ করেন গৌরি স্প্রাট। তার বয়স এখন ৪৭ বছর ১১ মাস। আমির খানের চেয়ে প্রায় ১৪ বছরের ছোট গৌরি।
গৌরিকে কতটা জানেন? ২০২৫ সালে নিজের জন্মদিনে প্রথমবারের মতো গণমাধ্যমের সামনে গৌরি স্প্র্যাটের সঙ্গে সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে আনেন আমির খান। দুই বছর প্রেম করে গত মাসে বিয়ের সিদ্ধান্তের কথা জানান আমির খান। আমির খান ও গৌরি পূর্ব পরিচিত। ২৫ বছরের বেশি সময় ধরে পরস্পরকে চেনেন তারা। কাছাকাছি বসবাস করতেন না। ফলে যোগাযোগ ছিল না। দুই বছরের বেশি সময় আগে পুনরায় যোগাযোগ হয়। এরপর প্রেমের সম্পর্কে জড়ান এই যুগল। বেঙ্গালুরুর মেয়ে গৌরি আগে বিয়ে করেছিলেন। তার ৬ বছরের একটি পুত্রসন্তানও রয়েছে। গৌরির আরেক পরিচয় তিনি ব্রিটিশ বংশোদ্ভূত কমিউনিস্ট নেতা ফিলিপ স্প্র্যাটের নাতনি। গত শতাব্দীর বিশের দশকে ভারতে এসে ভারতের স্বাধীনতা আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছিলেন ফিলিপ।
আমিরের যত বিয়ে ব্যক্তিগত জীবনে অনেক নারীর সঙ্গে আমির খানের নাম জড়িয়েছে। তবে রিনা দত্তকে ভালোবেসে প্রথম বিয়ে করেন তিনি। এ সংসারে জুনায়েদ ও ইরা খান নামে দুটো সন্তান রয়েছে। রিনার সঙ্গে বিচ্ছেদের পর কিরণ রাওকে বিয়ে করেন আমির। এ সংসারে আজাদ খান নামে একটি পুত্রসন্তান রয়েছে। তবে তার দুটো সংসারই ভেঙে গেছে।








