একসময় একে অপরকে এড়িয়ে চলতেন। এখন পারিবারিক অনুষ্ঠানে দেখা যায় পাশাপাশি। বলিউডের দুই সুপারস্টার শাহরুখ খান ও আমির খানের সম্পর্ক যেন সিনেমার গল্পকেও হার মানায়।

দীর্ঘ সময় ধরে বলিউডে শাহরুখ ও আমিরের মধ্যে ঠান্ডা লড়াইয়ের গুঞ্জন ছিল ওপেন সিক্রেট। একই সময়ে ক্যারিয়ারের শীর্ষে থাকা দুই তারকার ভক্তদের মধ্যেও ছিল তুমুল প্রতিদ্বন্দ্বিতা। কিন্তু সময়ের সঙ্গে পাল্টেছে সেই সমীকরণ। আজ তারা শুধু সহকর্মী নন, ভালো বন্ধুও। দুই পরিবারের মধ্যেও গড়ে উঠেছে আন্তরিক সম্পর্ক।

এবার তাদের জীবনে মিলেছে আরও একটি মজার মিল। দুজনের জীবনসঙ্গীর নামই গৌরী। শাহরুখ খানের স্ত্রী গৌরী খান বহু বছর ধরেই বলিউডের পরিচিত মুখ। অন্যদিকে আমির খানের জীবনের নতুন অধ্যায়ের সঙ্গী গৌরী স্প্র্যাট।


শাহরুখ খানের স্ত্রী গৌরির সঙ্গে আমির খান। দুই তারকার সম্পর্কটা এখন পারিবারিক

তবে দুজনের ধর্মীয় পরিচয় ভিন্ন। শাহরুখের স্ত্রী গৌরী খান হিন্দু পরিবারে জন্ম নেওয়া, আর গৌরী স্প্র্যাট একজন খ্রিস্টান।

তবে শাহরুখ-আমির সম্পর্কের সবচেয়ে আলোচিত অধ্যায়টি আজও ভুলতে পারেননি অনেকেই। ২০০৮ সালে নিজের ব্লগে আমির খান লিখেছিলেন, তার পোষা কুকুর ‘শাহরুখ’ তার পা চাটছে আর তিনি তাকে বিস্কুট খাওয়াচ্ছেন। শুধু একটি বাক্যই তখন বলিউডে তুমুল ঝড় তোলে। অনেকেই মনে করেছিলেন, এটি শাহরুখ খানকে উদ্দেশ্য করেই কটাক্ষ।


স্ত্রী গৌরি খানের সঙ্গে শাহরুখ খান

বিতর্ক এতটাই তীব্র হয়েছিল যে, দুই তারকার সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়। পরে অবশ্য আমির বিষয়টি পরিষ্কার করেন। তিনি জানান, কুকুরটির নাম তিনি রাখেননি। এটি এক পারসি ব্যক্তির কাছ থেকে নেওয়া হয়েছিল এবং আগের মালিকই আদর করে তার নাম রেখেছিলেন ‘শাহরুখ’।

এরপর নিজের মন্তব্যে যে ভুল বোঝাবুঝি তৈরি হয়েছিল, সেটিও স্বীকার করেন আমির। শুধু তাই নয়, সম্পর্ক স্বাভাবিক করতে তিনি শাহরুখ খানের বাড়িতে গিয়ে তার সন্তানদের কাছেও দুঃখ প্রকাশ করেছিলেন। সেই ঘটনার পর ধীরে ধীরে দুই তারকার দূরত্ব কমতে শুরু করে।


তৃতীয় স্ত্রী গৌরি স্প্র্যাটের সঙ্গে আমির খান

আজ সেই তিক্ততা অতীত। বিভিন্ন অনুষ্ঠানে একসঙ্গে দেখা যায় শাহরুখ ও আমিরকে। একে অপরের কাজের প্রশংসাও করেন অকপটে।

আর এখন তাদের জীবনের নতুন মিল- দুজনের স্ত্রীই ‘গৌরী’। বিষয়টি ভক্তদের আলোচনায় যোগ করেছে নতুন মাত্রা।

বলিউডে প্রতিদ্বন্দ্বিতা, ভুল বোঝাবুঝি, ক্ষমা আর বন্ধুত্ব- শাহরুখ ও আমিরের সম্পর্ক যেন প্রমাণ করে, সময়ের সঙ্গে অনেক গল্পই নতুন পরিণতি পায়।

 

এলআইএ