পাবনার ঈশ্বরদীতে পড়া না পারায় শিক্ষার্থীকে শাসনের জের ধরে তিন শিক্ষককে মারধরের ঘটনায় উপজেলাজুড়ে শিক্ষক সমাজে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় ৪ দিন আগে থানায় মামলা হলেও কাউকে আটক করতে পারেনি পুলিশ। এরই মধ্যে শনিবার থানার মাত্র ১শ মিটার দূরত্বে একটি ভবনে সংবাদ সম্মেলন করেছেন আসামি বসির মাল। এই ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

প্রতিষ্ঠানটির পরিচালক ভুক্তভোগী সেলিম রেজা জানালেন, বৃহস্পতিবার দুপুরে এক শিক্ষার্থীকে শাসন করার জের ধরে প্রতিষ্ঠানটির তিন শিক্ষিকাকে মারধর করেন ওই শিক্ষার্থীর মামা উজ্জল হোসেন মাল ও মামাতো ভাই বাসির মালসহ কয়েকজন। এ ঘটনায় থানায় অভিযোগ দেওয়ার পরও আসামি গ্রেফতার করছে না পুলিশ। অথচ ঘটনা ভিন্ন খাতে নিতে শনিবার আসামিরা প্রকাশ্যে থানার পাশের একটি ভবনে সংবাদ সম্মেলন করেছে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান জানালেন, মামলা নথিভুক্ত করা হয়েছে। আসামি গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

এদিকে এ ঘটনা তদন্তে দুই সদস্যের কমিটি গঠন করেছে পাবনা জেলা শিক্ষা অফিস। আসামিদের গ্রেফতার দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগী শিক্ষকদের আত্মীয়স্বজন, এলাকাবাসী ও শিক্ষার্থীরা।