মুন্সীগঞ্জের জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী সহিংসতায় জসিম নায়েব হত্যা মামলার আসামিদের জামিন বাতিল, পলাতক আসামিদের গ্রেফতার এবং দ্রুত বিচার সম্পন্নের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন নিহতের পরিবারের সদস্য ও স্থানীয়রা।

বুধবার সকালে আদালত প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করে। এতে নিহত জসিম নায়েবের পরিবারের সদস্য, স্বজন ও এলাকাবাসী অংশ নেন। মুন্সীগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ ফারুক আহমেদ এ মামলার জামিন শুনানি শেষে ১৪ আসামির জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে ১৪ জন আসামি হাইকোর্ট থেকে ৬ মাসের আগাম জামিন নেন। তারা হলেন-নাছির উদ্দিন দেওয়ান ওরফে নাছির ডাক্তার (৫৮), শওকত আলী (৬০), শাকিল দেওয়ান (৩৩), নূরে আলম সাগর (২৫), জাহাঙ্গীর দেওয়ান (৩৫), আলী আশ্রাফ সরকার (৪০), সাইফুল ইসলাম দেওয়ান (৩৫), হারুন রশিদ দেওয়ান খানার (৬৫), দাদন খাঁ (৪২), শিপন সরকার (২৮), মাহফুজ খাঁ (৩৫), জাহাঙ্গীর (৩১), আসিফ (২০), আনছার সরকার (৪৭)। মানববন্ধনে বক্তারা বলেন, গত ১৩ ফেব্রুয়ারি সংঘটিত নৃশংস হত্যাকাণ্ডের পাঁচ মাস পেরিয়ে গেলেও এখনো সব আসামিকে আইনের আওতায় আনা হয়নি। কয়েকজন আসামি বিদেশে অবস্থান করছে, কেউ কেউ জামিনে মুক্ত রয়েছে। এতে নিহতের পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে। তারা দ্রুত সব আসামিকে গ্রেফতার, জামিন বাতিল এবং মামলার বিচার সম্পন্ন করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। উল্লেখ্য, গত ১৩ ফেব্রুয়ারি মুন্সীগঞ্জ সদরের আধারা ইউনিয়নের চর আব্দুল্লাহ এলাকায় সংঘটিত হামলায় গুরুতর আহত হন জসিম নায়েব। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় নিহতের বাবা মাফিক নায়েব বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১৫-২০ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।