কুষ্টিয়ার দৌলতপুরে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র, গুলি ও ইয়াবাসহ বাবা-ছেলেকে আটক করেছে পুলিশ। তবে জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক যাচাই-বাছাই শেষে বাবাকে ছেড়ে দেওয়া হয়েছে। বর্তমানে ছেলে পুলিশ হেফাজতে রয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
বৃহস্পতিবার (২ জুলাই) ভোররাতে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের বাহিরমাদী মধ্যপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় দৌলতপুর থানা পুলিশ। এ সময় মৃত আইনুদ্দিনের ছেলে মো. বিপ্লব (৫০) ও তাঁর ছেলে মো. বিজয় (২৫)-কে আটক করা হয়।
পুলিশ জানায়, অভিযানের সময় তাদের বাড়ির গোয়ালঘরে গরুর খাবার রাখার পাত্র তল্লাশি করে একটি দেশীয় ওয়ান শুটার গান, পাঁচ রাউন্ড গুলি এবং নয় পিস ইয়াবা উদ্ধার করে থানায় নেওয়া হয়।
পরে আটক দুজনকে জিজ্ঞাসাবাদ ও তথ্য-উপাত্ত যাচাই শেষে মো. বিপ্লবকে ছেড়ে দেয় পুলিশ। তবে উদ্ধার হওয়া অস্ত্র, গোলাবারুদ ও ইয়াবার ঘটনায় ছেলে মো. বিজয়কে থানায় রেখে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার কার্যক্রম চলমান রয়েছে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘অভিযানে বাবা-ছেলেকে আটক করা হলেও তদন্ত ও যাচাই-বাছাই শেষে বাবাকে ছেড়ে দেওয়া হয়েছে। উদ্ধার হওয়া অস্ত্র, গোলাবারুদ ও মাদকের ঘটনায় ছেলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।’
তিনি আরও বলেন, ‘উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র, গুলি ও মাদকের উৎস অনুসন্ধানের পাশাপাশি এ ঘটনার সঙ্গে অন্য কোনো অপরাধী চক্র জড়িত কি না, সে বিষয়েও তদন্ত অব্যাহত রয়েছে।’
আল-মামুন সাগর/কেজে/জেআইএম







