লিটন দাসকে ছাড়াই অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের দল দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক প্যানেল। তবে চোট থেকে সেরে ওঠায় প্রথম টেস্টের দলে ডাকা হলো এই উইকেটরক্ষক ব্যাটারকে।
দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছে বাংলাদেশ দল। শেষ মুহূর্তে দলে ডাক পাওয়ায় আগামীকালের ফ্লাইটে অস্ট্রেলিয়া যাবেন লিটন। ডারউইনে দলের সঙ্গে যোগ দেবেন টি-টোয়েন্টি দলপতি।
গত ১৪ জুন অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের মাঠে শেষ ওয়ানডে চলাকালীন কাফ মাসেলে চোট পান লিটন। এই চোটের কারণে অজিদের বিপক্ষে প্রথম টেস্টের দলে থাকার কথা ছিল না তাঁর। তবে পুনর্বাসন প্রক্রিয়ায় উন্নতি করায় শেষ পর্যন্ত দলে ডাকা হলো লিটনকে।
আগামী ১৩ আগস্ট ডারউইনে সিরিজের প্রথম টেস্ট খেলতে নামবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। ২২ দ্বিতীয় এবং শেষ টেস্ট খেলতে নামবে দু্ই দল। ম্যাচটির ভেন্যু ম্যাকাই।
লিটনকে প্রথম টেস্টের দলে নেওয়া প্রসঙ্গে বিসিবির দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, ‘বা পায়ের কাফের চোট থেকে সেরে ওঠায় লিটনকে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের জন্য বাংলাদেশের দলে নেওয়া হয়েছে। আগামী ১৩ আগস্ট ডারউইনে শুরু হবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের প্রথম টেস্ট। চোটের কারণে গত জুন থেকে মাঠের বাইরে ছিলেন লিটন। তবে পুনর্বাসন প্রক্রিয়ায় উন্নতি করায় তাকে প্রথম টেস্টের জন্য নেওয়া হয়েছে। রোববার ডারউইনের উদ্দেশে রওনা হবেন লিটন এবং সেখানে গিয়ে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেবেন।’








