অস্ট্রেলিয়া সফরের উদ্দেশ্যে শুক্রবার রাতেই ক্রিকেটাররা দেশ ছেড়েছেন। কিন্ত তারা অস্ট্রেলিয়তে পৌঁছানোর  আগেই সুখবর পেল। চোট কাটিয়ে প্রথম টেস্টের দলে ফিরেছেন উইকেটকিপার-ব্যাটসম্যান লিটন দাস। আগের ঘোষিত প্রথম টেস্টের স্কোয়াড না থাকলেও পুনর্বাসনে ইতিবাচক অগ্রগতির পর তাকে অন্তর্ভুক্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

গত জুনে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে কাফ মাসলে চোট পাওয়ার পর মাঠের বাইরে চলে যান লিটন। এরপর অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ ও জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের দলে থাকলেও খেলা হয়নি তার। পরে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যান এই অভিজ্ঞ ব্যাটার।

প্রথম টেস্টের দল ঘোষণার সময় বিসিবি জানিয়েছিল, ১২ আগস্ট ফিটনেস পরীক্ষার পরই লিটনের মাঠে ফেরার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তবে পুনর্বাসনে দ্রুত উন্নতি হওয়ায় আগেই তাকে অস্ট্রেলিয়ায় পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার দেশ ছাড়ার কথা রয়েছে তার। সেখানে পৌঁছে পুনর্বাসনের শেষ ধাপ সম্পন্ন করবেন, পাশাপাশি ব্যাটিং অনুশীলনও চালিয়ে যাবেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, ‘জুন থেকে মাঠের বাইরে থাকা লিটন তাঁর পুনর্বাসন প্রক্রিয়ায় ভালো বোধ করছেন। প্রথম টেস্টের একাদশের জন্যও তাঁকে বিবেচনা করা যেতে পারে।’ এদিকে লিটনের ফেরাকে দলের জন্য বড় স্বস্তি হিসেবে দেখছেন প্রধান নির্বাচক হাবিবুল বাশার। তিনি বলেন, ‘১২ অগাস্ট দেশে ওর ফিটনেস পরীক্ষা হওয়ার কথা ছিল। সেটায় উতরে গেলে দ্বিতীয় টেস্টের দলে নেওয়া হতো ওকে। কিন্তু এখন আমরা জানতে পেরেছি, ওর অগ্রগতি খুব দ্রুত হচ্ছে।’ 

তবে চোটের দুর্ভাগ্য পুরোপুরি কাটেনি বাংলাদেশের। সাইড স্ট্রেইনের কারণে পুরো সিরিজ থেকেই ছিটকে গেছেন তরুণ পেসার নাহিদ রানা। প্রথম টেস্টে থাকছেন না আরেক পেসার শরীফুল ইসলামও। এমন পরিস্থিতিতে লিটনের প্রত্যাবর্তন ব্যাটিং বিভাগে বাড়তি শক্তি যোগাবে বলেই মনে করছে টিম ম্যানেজমেন্ট।

আগামী ১৩ আগস্ট ডারউইনের মারারা ওভালে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নামবে বাংলাদেশ, যেখানে শুরুতেই পূর্ণ শক্তির কাছাকাছি দল পাওয়ার আশা জাগাল লিটনের প্রত্যাবর্তন।