আশুগঞ্জে পুকুরে গোসল করতে নেমে বিদ্যুৎস্পৃষ্টে দুই মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এক শিশু আহত হয়েছে। ফুলবাড়ীতে নালার পানিতে ডুবে দুই শিশু মারা গেছে। তারা দুজনই বারাইতরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। লালপুরে টিউবওয়েলের পাশে জমে থাকা গভীর পানির গর্তে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। যুগান্তর প্রতিনিধিদের পাঠানো খবর : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পুকুরে গোসল করতে নেমে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই মাদ্রাসা শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। রোববার সন্ধ্যায় উপজেলার বাহাদুরপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো চরচারতলা গ্রামের আলম মিয়ার ছেলে চাঁন বাদশা (০৮) এবং তালশহর দক্ষিণপাড়া গ্রামের নাছির নিয়াজের ছেলে রিয়ান নিয়াজ (১২)। আহত রাহীম (১৩) একই মাদ্রাসার শিক্ষার্থী। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নিহত ও আহত তিনজনই বাহাদুরপুর খন্দকার বাবুল শাহ হাফিজিয়া মাদ্রাসা ও ইয়াতিমখানার শিক্ষার্থী। বিকালে খেলাধুলা শেষে তারা মাদ্রাসার পাশের একটি পুকুরে গোসল করতে নামে। এ সময় পুকুরের ওপর দিয়ে যাওয়া একটি বিদ্যুতের তার ছিঁড়ে পানিতে পড়ে থাকায় পুরো পুকুরের পানি বিদ্যুতায়িত হয়ে যায়। কুড়িগ্রামের ফুলবাড়ীতে নালার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটে রোববার উপজেলার বড়ভিটা ও ভাঙ্গামোর ইউনিয়নের রাবাইতারী নওদাবস মধ্যবর্তি গ্রামে। নিহত দুই শিশু রাবাইতারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। ওই এলাকার নুর হোসেনের মেয়ে লুশি খাতুন (৯) ও আনিছুর রহমানের মেয়ে আরশি খাতুন (৮)। লালপুরে পানিতে পড়ে রাফসান আলী (১৭ মাস) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার বিকাল ৫টার সময় এ ঘটনা ঘটে। নিহত রাফসান আলী লালপুর উপজেলার উত্তর লালপুর গ্রামের রাশিদুল ইসলামের ছেলে। জানা যায়, ঘটনার দিন সকালে রাফসানকে নিয়ে তার মা ঊর্মি খাতুন ঈশ্বরদী ইউনিয়নের শিবনগর গ্রামে নানার বাড়িতে বেড়াতে যান। বিকেলে বাড়ির আঙিনায় খেলাধুলার সময় অসাবধানতাবশত টিউবওয়েলের পাশে জমে থাকা গভীর পানির গর্তে পড়ে যায় সে। পরে মামা মনোয়ার হোসেন পানিতে নেমে শিশুটিকে উদ্ধার করেন।