সাভারের আশুলিয়ায় এক মণ দুই কেজি গাঁজাসহ ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এ সময় পাচারের কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে ঢাকা জেলা উত্তরের গোয়েন্দা পুলিশের ইনচার্জ সাইদুর ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে, বুধবার দিবাগত রাতে ঢাকা-আরিচা মহাসড়কের আশুলিয়ার নিরিবিলি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- কুমিল্লা জেলার তিতাস থানার শিবপুর গ্রামের মুক্তার হোসেনের ছেলে মাসুম ও চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানার উথুলি গ্রামের জামাল শেখের ছেলে সোয়েব শেখ।
পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে সাভারের আশুলিয়ার নিরিবিলি এলাকায় গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় একটি প্রাইভেটকারে লুকানো অবস্থায় এক মণ দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। মাদক কারবারের সঙ্গে জড়িত দুই ব্যক্তিকে গ্রেপ্তার এবং মাদক বহনকারী প্রাইভেটকার জব্দ করা হয়েছে।
ঢাকা জেলা উত্তরের গোয়েন্দা পুলিশের ইনচার্জ সাইদুর ইসলাম বলেন, “ব্রাহ্মণবাড়িয়া থেকে মাদক নিয়ে তারা চুয়াডাঙ্গা যাচ্ছিল। পথে আশুলিয়ার নিরিবিলি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।”








