চট্টগ্রামের পটিয়ায় দুই সন্তানের জননী সোনিয়া আক্তার (৩০) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার কোলাগাঁও ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সবুর মার্কেট এলাকার আনোয়ার শাহ মাজারসংলগ্ন নিজ বসতবাড়ি থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। পুলিশের প্রাথমিক ধারণা, তিনি আত্মহত্যা করেছেন।
সোনিয়া আক্তার ওই এলাকার নুর ইসলামের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে তিনি সন্তানদের নিয়ে নিজ বাড়িতে অবস্থান করছিলেন। দুপুরে পরিবারের অন্য সদস্যরা খাবার খেতে এসে দেখেন, তিনি শয়নকক্ষে ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় রয়েছেন।
পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরে মরদেহ পুনরায় কোলাগাঁওয়ের বাড়িতে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে বিকেল ৫টার পর পটিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
গৃহবধূর শাশুড়ি বলেন, সকালে দুই জায়ের মধ্যে ঝগড়া হলে তিনি বিষয়টি মিটিয়ে দেন। পরে কোনো একসময় সোনিয়া ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। তবে ঘটনাটি কেউ দেখেনি।
সোনিয়ার স্বামী নুর ইসলাম একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করেন।
গৃহবধূর ভাই জয়নাল অভিযোগ করেন, যে কক্ষে আত্মহত্যা হয়েছে বলে দাবি করা হচ্ছে, সেটি অত্যন্ত সংকীর্ণ। তাই তাঁর বোনের মৃত্যুকে তিনি রহস্যজনক বলে মনে করছেন। তিনি ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানান। একই সঙ্গে দুই শিশুসন্তানের ভবিষ্যৎ নিয়েও উদ্বেগ প্রকাশ করেন।
ঘটনাস্থল পরিদর্শন করে পটিয়া থানার পরিদর্শক (তদন্ত) যুযুৎস যশ চাকমা বলেন, মরদেহের প্রাথমিক আলামত দেখে এটি আত্মহত্যা বলে মনে হচ্ছে। তবে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।








