নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলার প্রশাসনিক কার্যক্রমের জন্য যৌক্তিক ও গ্রহণযোগ্য স্থানে উপজেলা সদর স্থাপনের দাবিতে চট্টগ্রামের ফটিকছড়ির হেঁয়াকো এলাকায় মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। আজ বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে আয়োজিত এ কর্মসূচির পর বিক্ষোভকারীরা মিছিল নিয়ে ফেনী-খাগড়াছড়ি মহাসড়কে অবস্থান নিয়ে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মী এবং সাধারণ জনগণ কর্মসূচিতে অংশ নেন। বিক্ষোভকারীদের হাতে বিভিন্ন দাবিসংবলিত ব্যানার ও ফেস্টুন দেখা যায়।
কর্মসূচি থেকে নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলার প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য ভৌগোলিক, যোগাযোগ ও জনসেবার দিক বিবেচনায় একটি যৌক্তিক স্থানে উপজেলা সদর স্থাপনের দাবি জানানো হয়।
মানববন্ধন শেষে বিক্ষোভকারীরা মিছিল নিয়ে ফেনী-খাগড়াছড়ি মহাসড়কের হেঁয়াকো এলাকায় অবস্থান নেন। এ সময় তাঁরা সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ কর্মসূচি পালন করেন। প্রায় দুই ঘণ্টাব্যাপী চলা এ অবরোধের কারণে ফেনী-খাগড়াছড়ি মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে শত শত যাত্রী দুর্ভোগে পড়েন।
বিক্ষোভকারীরা অভিযোগ করেন, নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর নির্ধারণের ক্ষেত্রে স্থানীয় জনগণের মতামত ও বাস্তব পরিস্থিতি যথাযথভাবে বিবেচনায় নেওয়া হয়নি। এ বিষয়ে দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করে তাঁরা যৌক্তিক স্থানে উপজেলা সদর স্থাপনের দাবি পুনর্ব্যক্ত করেন।
ফটিকছড়ি উত্তর উপজেলা নাগরিক ফোরামের সদস্যসচিব অ্যাডভোকেট রাসেল আহমদ ভুঁইয়া বলেন, ‘১/১১ সময়ে ফটিকছড়ির দক্ষিণের নেতারা ষড়যন্ত্র করে ভূজপুরে থানা স্থাপন করেন। এবারও তাঁরা ভূজপুরে নতুন অনুমোদন পাওয়া ফটিকছড়ি উত্তর উপজেলা সদর দপ্তর স্থাপনের জন্য উঠে পড়ে লেগেছে। উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি উপেক্ষিত করে ভূজপুরে সদর দপ্তর স্থাপন করবে, আমরা তা দেবে না। আমাদের আন্দোলন চলছে, চলবে।’








