দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর সর্বশেষ তেলেগু সিনেমা ‘মা ইন্টি বাঙ্গারাম’ বক্স অফিসে দারুণ সাফল্য পেয়েছে। সিনেমার এই সাফল্যের মধ্যেই শুটিংয়ের সময়ের একটি অজানা ঘটনা এবার সামনে আনলেন পরিচালক নন্দিনী রেড্ডি।
তিনি জানান, গর্ভাবস্থার শুরুর দিকে মর্নিং সিকনেসে ভুগছিলেন সামান্থা। তবু এটাকে পাত্তা না দিয়েই ‘মা ইন্টি বাঙ্গারাম’ সিনেমার একটি প্রাণবন্ত গানের শুটিং শেষ করেন সামান্থা।
এর আগে সিনেমাটির সাফল্য উদযাপন অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে স্বামী নির্মাতা রাজ নিদিমোরুর পাশে বসে সামান্থা বলেন, “‘মা ইন্টি বাঙ্গারাম’-এর পর আমার বর্তমান শারীরিক অবস্থার কারণে কিছুদিন বিরতি নিতে হবে। মাতৃত্বকালীন ছুটিতে থাকব। তবে আমি খুবই খুশি। বিরতির পর আবারো ভক্তদের জন্য নতুন সিনেমা নিয়ে ফিরব।” অবশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে তার বেবি বাম্প দেখে অনেকেই গর্ভাবস্থার গুঞ্জন তুলেছিলেন।
আইড্রিম মিডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে নন্দিনী বলেন, “সিনেমার ‘থাসাদিয়া’ গানের শুটিংয়ের সময় সামান্থার গর্ভাবস্থার প্রথম তিন মাস চলছিলো। তখন তিনি তীব্র মর্নিং সিকনেসে ভুগছিলেন। কিন্তু, এ কারণে শুটিং বন্ধ করতে বা নিজের পারফরম্যান্সে কোনো ছাড় দিতে রাজি হননি সামান্থা।”
পরিচালক বলেন, “প্রথমে আমাদের জানানো হয়েছিল সকালে সামান্থার শরীর ভালো নেই। আমরা ভেবেছিলাম, হয়তো জ্বর এসেছে। পরদিন আমি জিজ্ঞেস করলে প্রথমে কিছু বলেনি। পরে জানায়, সে অন্তঃসত্ত্বা এবং মর্নিং সিকনেসে ভুগছে। এরপর বাকি শুটিংয়ে আমরা তার বিশেষ যত্ন নিয়েছি। সৌভাগ্যবশত, অ্যাকশন দৃশ্যগুলোর শুটিং আগেই শেষ হয়েছিল।”
*পিঙ্কভিলা অবলম্বনে







