বৈরী আবহাওয়া ও সাগরে সৃষ্ট লঘুচাপের কারণে কক্সবাজারের টেকনাফে আটকে পড়া সেন্টমার্টিন দ্বীপের ১৪০ জন বাসিন্দা আটদিন পর তিনটি ট্রলারে করে নিজ গন্তব্যে ফিরেছেন।
শনিবার (১১ জুলাই) সকালে টেকনাফ জেটিঘাট থেকে তিনটি ট্রলার সেন্টমার্টিনের উদ্দেশে ছেড়ে যায়। পরে দুপুরের দিকে ট্রলারগুলো নিরাপদে সেন্টমার্টিনে পৌঁছায়।
টেকনাফ-সেন্টমার্টিন ট্রলার মালিক সমিতির সভাপতি আব্দুর রশিদ বলেন, বৈরী আবহাওয়ার কারণে টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে টানা আট দিন ট্রলার চলাচল বন্ধ ছিল। এতে টেকনাফে অবস্থানরত সেন্টমার্টিনের বাসিন্দা ও বিভিন্ন কাজে যাওয়া লোকজন আটকে পড়েন।
ট্রলারে দ্বীপবাসী ও নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী
তিনি আরও বলেন, শনিবার টেকনাফ থেকে প্রায় ১৪০ জন যাত্রী ও প্রয়োজনীয় মালামাল নিয়ে তিনটি ট্রলার সেন্টমার্টিনের উদ্দেশে ছেড়ে যায় এবং দুপুরের দিকে নিরাপদে দ্বীপে পৌঁছে। একই দিনে সেন্টমার্টিন থেকে প্রায় ৭০ জন যাত্রী নিয়ে দুটি ট্রলার টেকনাফের উদ্দেশে রওনা হয়।
টেকনাফ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস. এম. অনীক চৌধুরী বলেন, সাগরের বৈরী আবহাওয়া কিছুটা স্বাভাবিক হওয়ায় টেকনাফে আটকে পড়া সেন্টমার্টিনগামী যাত্রীরা দ্বীপে যেতে পেরেছেন। একই সঙ্গে দ্বীপের প্রায় ৩০০ পরিবারের জন্য চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীও সেন্টমার্টিনে পাঠানো হয়েছে।
জাহাঙ্গীর আলম/এসজেডএইচ/এএসএম








