পাবনা সদর উপজেলার আতাইকুলায় বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত চারজন।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে পাবনা-ঢাকা মহাসড়কের আতাইকুলা থানার সড়াডাঙ্গি করইতলা এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

আতাইকুলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবর রহমান এ তথ্য জানিয়েছেন। তাৎক্ষণিকভাবে তিনি নিহত ও আহতদের নাম-পরিচয় জানাতে পারেননি।

ওসি মজিবর রহমান জানান, রোগী নিয়ে একটি অ্যাম্বুলেন্স রাজশাহী থেকে ঢাকায় যাচ্ছিল। মহাসড়কের সড়াডাঙ্গি করইতলা এলাকায় ঢাকা থেকে পাবনাগামী পাবনা এক্সপ্রেস বাসের সঙ্গে অ্যাম্বুলেন্সটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্স চালকসহ তিনজন নিহত হন। আহত হন কয়েকজন। তাদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।