ঢাকায় দিদারুল ইসলাম নামে এক অটোরিকশা চালককে অজ্ঞান করে হত্যার ঘটনায় ছিনতাইকারী চক্রের আরও এক সদস্যকে গ্রেফতার করেছে ওয়ারী থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম মো. রমজান (২৪)।
রোববার (১২ জুলাই) ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী ওয়ারী থানার বরাত দিয়ে এ তথ্য জানান।
তিনি বলেন, গত ২৮ জুন রাতে খিলগাঁও থেকে রিকশা নিয়ে বের হয়ে নিখোঁজ হন দিদারুল ইসলাম। পরদিন ২৯ জুন রাতে স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে ওয়ারী থানাধীন নবাবপুর রোড থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ২ জুলাই রাতে মারা যান তিনি। এ ঘটনায় প্রথমে ওয়ারী থানায় একটি মামলা রুজু করা হয়।
তিনি বলেন, এ ঘটনায় গত বুধবার (৮ জুলাই) রাতে গাজীপুরের শ্রীপুর, ঢাকার কেরানীগঞ্জ ও ডিএমপির লালবাগ এলাকায় অভিযান পরিচালনা করে চক্রের তিন সদস্যকে গ্রেফতার করা হয়। এসময় তাদের হেফাজত থেকে ছিনতাইকৃত অটোরিকশা, ছিনতাইয়ে ব্যবহৃত সিএনজি অটোরিকশা ও আসামিদের ব্যবহৃত তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
শনিবার (১১ জুলাই) দিনগত রাতে ওয়ারী থানা পুলিশের একটি টিম মোহাম্মদপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে দিদারুল হত্যাকাণ্ডে জড়িত আরও এক ছিনতাইকারী রমজানকে গ্রেফতার করেছে।
গ্রেফতার রমজান আদালতে ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন জানিয়ে তিনি বলেন, এ ঘটনায় গ্রেফতাররা অজ্ঞানপার্টি চক্রের সক্রিয় সদস্য। তারা যাত্রী সেজে চালকদের অজ্ঞান করে ছিনতাই করতো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে।
কেআর/এমকেআর








