টানা ভারী বর্ষণের কারণে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় নগরবাসীকে অপ্রয়োজনীয় ভ্রমণ পরিহারের আহ্বান জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

রবিবার (১২ জুলাই) ডিএমপির ট্রাফিক গুলশান বিভাগ এক ট্রাফিক আপডেটে জানায়, এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাকলী র‍্যাম্পের নিচের অংশসহ বনানী, খিলক্ষেত, ঢাকা গেট এবং মহানগরের বিভিন্ন নিচু এলাকায় ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এর প্রভাবে সংশ্লিষ্ট সড়কগুলোতে যানবাহনের চলাচল ধীরগতির হয়ে পড়েছে এবং কয়েকটি স্থানে যানজটের সৃষ্টি হয়েছে।

বিশেষ করে কাকলী মোড়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে নেমে আসা যানবাহন এবং নিচের সড়কে চলাচলকারী যানবাহনকে অতিরিক্ত সতর্কতার সঙ্গে চলাচল করতে হচ্ছে বলে জানিয়েছে ট্রাফিক বিভাগ।

পরিস্থিতি বিবেচনায় ডিএমপি মোটরযান চালক ও পথচারীদের অপ্রয়োজনীয় ভ্রমণ পরিহার, জলাবদ্ধ এলাকায় ধীরগতিতে যানবাহন চালানো, নিরাপদ দূরত্ব বজায় রাখা এবং সম্ভব হলে বিকল্প সড়ক ব্যবহার করার অনুরোধ জানিয়েছে। পাশাপাশি ট্রাফিক পুলিশের নির্দেশনা মেনে চলা এবং ধৈর্য ধারণের আহ্বান জানানো হয়েছে।

ডিএমপি আরও জানায়, ট্রাফিক বিভাগের পুলিশ সদস্যরা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিরলসভাবে কাজ করছেন। নগরবাসীর সহযোগিতা ও সচেতনতা সড়কে শৃঙ্খলা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও উল্লেখ করা হয়েছে।