নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে ৩১ জুলাইয়ের মধ্যে দলীয় আয়-ব্যয়ের হিসাব জমা দিতে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও), ১৯৭২ অনুযায়ী প্রতিবছর ৩১ জুলাইয়ের মধ্যে আগের পঞ্জিকাবর্ষের আর্থিক হিসাব কমিশনে দাখিল করা নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর জন্য বাধ্যতামূলক।

নির্বাচন কমিশনের নির্বাচন ব্যবস্থাপনা শাখা জানিয়েছে, এ বিষয়ে প্রয়োজনীয় আইনি বিধান উল্লেখ করে সব নিবন্ধিত দলের কাছে চিঠি পাঠানো হয়েছে। ইসি কর্মকর্তারা জানান, চলতি বছর ৩১ জুলাই শুক্রবার হওয়ায় সরকারি ছুটির কারণে দলগুলোকে পরবর্তী কার্যদিবস ২ আগস্ট পর্যন্ত হিসাব জমা দেওয়ার সুযোগ দেওয়া হবে।

এদিকে সর্বশেষ ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া ৫০টি রাজনৈতিক দলের মধ্যে সাতটি দল এখনো তাদের নির্বাচনি ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে জমা দেয়নি। আরপিও অনুযায়ী এসব তথ্য প্রকাশের বিধান থাকলেও কমিশনের ওয়েবসাইটে এখনো দলগুলোর নির্বাচনি ব্যয়ের হিসাব প্রকাশ করা হয়নি। এ বিষয়ে নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাসুদ বলেন, রাজনৈতিক দলগুলোর নির্বাচনি ব্যয়ের তথ্য কমিশনের ওয়েবসাইটে প্রকাশের নির্দেশ দেওয়া হবে।