টাঙ্গাইলে এক বৃদ্ধকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার দায়ে বাবা-ছেলেসহ আটজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া প্রত্যেক আসামিকে বিভিন্ন পরিমাণ অর্থদণ্ড অনাদায়ে বিভিন্ন মেয়াদে অতিরিক্ত কারাদণ্ড দেওয়া হয়। টাঙ্গাইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক মো. ফয়সাল আল মামুন রোববার এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত আসামিরা হলো-টাঙ্গাইল সদর উপজেলার ছোট বিন্যাফৈর (চরপাড়া) গ্রামের দবির উদ্দিন, তার পাঁচ ছেলে রফিক মিয়া, তোফাজ্জল হোসেন, ময়দান আলী, হাসেম আলী ও আবদুর রহমান, হাসেম আলীর স্ত্রী শিল্পী বেগম এবং একই গ্রামের ইনছাদ আলীর ছেলে হযরত আলী। আদালত সূত্র জানায়, টাঙ্গাইল সদর উপজেলার ছোট বিন্যাফৈর গ্রামের মোহাম্মদ আলীর বাড়ির সীমানা নিয়ে প্রতিবেশী আসামিদের সঙ্গে বিরোধ চলছিল। এ বিরোধের জের ধরে ২০২২ সালের ২৪ জুলাই আসামিরা মোহাম্মদ আলীকে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে এবং লোহার রড ও লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করে।








