বদরগঞ্জে বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ হারিয়েছেন যুবক। ঘোড়াঘাটে মাঠে কৃষিকাজের সময় কৃষকের মৃত্যু হয়েছে। পাথরঘাটায় বজ্রপাতে তালগাছে আগুন নিয়ে চাঞ্চল্য তৈরি হয়েছে। যুগান্তর প্রতিনিধিরা জানান : রংপুরের বদরগঞ্জে বজ্রপাতে ফেরদৌস আলী (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার ভোরে দিলালপুর ডাঙ্গাপাড়া গ্রামে ওই দুর্ঘটনা ঘটে। স্থানীয়দের মতে, ভোরে বাড়ির পাশে বিলে মাছ ধরতে গিয়ে বৃষ্টির সময় বজ্রাঘাতে তিনি ঘটনাস্থলেই মারা যান। বরগুনার পাথরঘাটায় বজ্রপাতে ৫০ ফুট উঁচু তালগাছে আগুন লাগা নিয়ে এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে। পরে অবশ্য বৃষ্টিতে ওই আগুন নিভে যায়। সোমবার বিকালে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে ওই ঘটনা ঘটে। দিনাজপুরের ঘোড়াঘাটের ১নং বুলাকিপুর ইউনিয়নের মাঠে কৃষিকাজের সময় বজ্রপাতে মো. কামরুল (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় আরও দুই কৃষক আহত হয়েছেন। সোমবার চন্ডিদাসপুর হরিপুর গ্রামের মাঠে এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. কামরুল বলগাড়ী চন্ডিদাসপুর গ্রামের দিলদার রহমানের ছেলে। আহতরা হলেন, ইনসান আলীর ছেলে নূরনবী ও হায়দায় আলীর ছেলে গোলজার রহমান।








